ডিসেম্বরে হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে আছেন চেতশ্বর পুজারা। তবে তার আগেই বাংলাদেশে খেলতে আসতে পারেন তিনি।
ক্রিকবাজ তাদের খবরে বলেছে, বাংলাদেশের বিপক্ষে ভারতের ‘এ’ দলের স্কোয়াডে রাখা হতে পারে পুজারাকে। এমনকি দুই ম্যাচের সিরিজে দলকে নেতৃত্বও দিতে পারেননি তিনি।
দুটি চার দিনের ম্যাচ খেলতে ২৫ নভেম্বর ঢাকায় আসার কথা ভারত ‘এ’ দলের। পুজারা ছাড়াও বাংলাদেশের বিপক্ষে টেস্ট স্কোয়াডে থাকা উমেশ যাদবও এই দলে থাকতে পারেন।
টেস্ট স্কোয়াডের অন্যান্য সদস্যরা অন্য ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত ছিলেন মোটামুটি। পুজারা-উমেশকে আগেভাগে পাঠানোর উদ্দেশ্য তাদের ম্যাচ প্র্যাকটিসের সুযোগ দেওয়া। টেস্ট স্কোয়াডে রিজার্ভ উইকেটরক্ষক কেএস ভরতের ক্ষেত্রেও এটা হতে পারে।
প্রধান নির্বাচক চেতন শর্মা অস্ট্রেলিয়া থেকে ফিরলেই স্কোয়াড ঘোষণা হবে। এমনকি শুক্রবারই ঘোষণা করা হতে পারে ভারতের ‘এ’ দলের স্কোয়াড।
ভারতের জাতীয় দল ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ছাড়াও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। ৪-২৬ ডিসেম্বর পর্যন্ত হবে খেলাগুলো।
