নাটোরে সড়কে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৩ জনের

আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ০৬:১৩ পিএম

নাটোরের লালপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। 

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে লালপুর উপজেলার পল্লীবিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- উপজেলার বিরোপাড়া গ্রামের মৃত নূর মোহাম্মদেরর ছেলে শহিদুল ইসলাম (৬০), তার ছেলে মো. সোহাগ (৩৫) ও মৃত সোহাগের ছেলে মো. ইভান (৫)। 

বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোনোয়ারুজ্জামান।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল যোগে নিহত তিনজন লালপুর উপজেলা থেকে গোপালপুর যাওয়ার পথে ডেবরপাড়া নামক (পল্লীববিদ্যুৎ) স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস (জিএম ট্রাভেল) মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সোহাগ এবং ইভানের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে শহিদুল ইসলামের মৃত্যু হয়। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোনোয়ারুজ্জামান বলেন, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে দেয়। ঘাতক চালক পলাতক রয়েছে। তাকে আটক করতে অভিযান চলছে বলে জানান তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত