ইনজুরির কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন নিকো গঞ্জালেস ও হোয়াকিন কোরেয়া। দুজনই ফরোয়ার্ড। গঞ্জালেসের বদলে দলে এসেছেন অ্যাঞ্জেল কোরেয়া, তিনি ছিলেন আর্জেন্টিনার ২০২০ কোপা আমেরিকা জয়ী দলেও। আর হোয়াকিনের বদলে সুযোগ পেয়েছেন ২১ বছর বয়সী থিয়াগো আলমাদা।
অ্যাঞ্জেল কোরেয়া আর্জেন্টিনার হয়ে খেলেছেন ২২ ম্যাচ। জাতীয় দলের হয়ে মাঠে ছিলেন ৮১০ মিনিট। প্রথমে বিশ্বকাপের ২৬ জনের স্কোয়াডে ছিলেন না। বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার খবর কোরেয়া পান রোজারিওতে পরিবারের সঙ্গে থাকার সময়। বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ায় প্রাইভেট জেটে করে রওনা দেন তিনি। যাওয়ার আগে রোজারিওতে স্থানীয় সাংবাদিকদের মুখোমুখি হন। অ্যাঞ্জেল কোরেয়া বলেন, ‘আমি পরিবারের সঙ্গে ছিলাম। এখন যাচ্ছি বিশ্বকাপ খেলতে। বিষয়টি চমক আমার জন্য। অনেক উৎসাহ নিয়ে দলের সঙ্গে যোগ দিতে যাচ্ছি।’
দলে যুক্ত হওয়ার সংবাদ পাওয়ার গল্পও শুনিয়েছেন তিনি। কোরেয়া বলেন, ‘আমি আমার মেয়ে, বোন ও বোনের মেয়ে সবাই একসঙ্গে বসা ছিলাম। আমাকে তারাই সংবাদটি জানায়। আমি অনেক খুশি। স্কালোনি বলেছেন আমার জন্য তারা সেখানে অপেক্ষা করছেন।’ আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে ফেভারিট তালিকায়। ফেরার সময় বিশ্বকাপ নিয়ে ফিরবেন এমনটা কল্পনা করছেন কিনা সে প্রশ্নের উত্তরে কোরেয়া বলেন, ‘আমি আশা করছি বিশ্বকাপ জিততে পারব’ দলে সুযোগ পেয়ে আলমাদাও অনেক খুশি বলে জানিয়েছেন অ্যাঞ্জেল কোরেয়া। দলে ডাক পাওয়ার আগের রাতেই আলমাদার সঙ্গে পিকাডো (একপ্রকার গেম) খেলেন কোরেয়া।
চলতি মৌসুমে আতলেতিকো মাদ্রিদের হয়ে ২১ ম্যাচে ৪ গোল, ১ অ্যাসিস্ট অ্যাঞ্জেল কোরেয়ার। মাঠে ছিলেন ৮৫৭ মিনিট। জাতীয় দলের হয়ে সবশেষ গেল সেপ্টেম্বরে হন্ডুরাসের বিপক্ষে খেলেন বদলি হিসেবে।
আলমাদা খেলেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব আটলান্টা ইউনাইটেডে। মৌসুমে ২৯ ম্যাচে ৬ গোল ও ১২ অ্যাসিস্টে যুক্তরাষ্ট্র লিগের বর্ষসেরা নবাগত ফুটবলারের স্বীকৃতিও পেয়েছেন। আলমাদা খেলেছেন আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ ও ২৩ দলেও। জাতীয় দলের হয়ে তার অভিষেক হয় গেল সেপ্টেম্বরে। প্রীতি ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে খেলেন ২৯ মিনিট।
বিশ্বকাপ দলে বদলি হিসেবে সুযোগ পেয়ে কেমন করেন অ্যাঞ্জেল কোরেয়া ও আলমাদা সেটি হবে দেখার বিষয়।
