সাভারের বিরুলিয়ায় সহকর্মীর ছুরিকাঘাতে সেমাই কারখানার এক শ্রমিক নিহত হয়েছে। তার নাম মো. মনির হোসেন (২১)। গত বৃহস্পতিবার রাতে আক্রান বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আদনান (২০) নামের আরও এক শ্রমিক আহত হয়েছে। তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাজন (২৫) নামে ওই সহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত মনির হোসেনের বাড়ি নেত্রকোনায়। তিনি বিরুলিয়ার আক্রান বউবাজার এলাকার শহিদুলের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি সেমাই কারখানায় চাকরি করতেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায় রাজন, আদনান, মনিরসহ আরও একজনের সঙ্গে বাগ্বিত-া হয়। পরে ছুটি শেষে কারখানা থেকে বের হলে মনিরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে রাজন। এ সময় বাধা দিলে আদনানকেও ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মনিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক ও বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ দিদার বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও গ্রেপ্তার করা হবে।
