মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু নিহত

আপডেট : ২০ নভেম্বর ২০২২, ০১:২৪ এএম

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের ঢালে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ বন্ধুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে দয়িত্বরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গতকাল বিকেল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, শনাক্ত হয়নি ট্রাকটি। অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা হয়েছে।

নিহতরা হলেন, মেহেদি হাসান তুহিন (২৮), জজ মিয়া (৩৬) ও আল আমিন হোসেন (৩৪)। জানা গেছে, দ্রুতগতির মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে ধাক্কা খেয়ে পাশে ছিটকে পড়ে। এসময় পাশ দিয়ে যাওয়া একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলটির চালকসহ তিন আরোহীর মৃত্যু হয়।

স্বজনরা জানিয়েছেন, রাতে ব্যাডমিন্টন খেলা শেষে বন্ধুরা মিলে রাজধানীর মালিবাগের আবুলের হোটেলে খেতে যান তারা। খাওয়া শেষে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনায় পড়েন তারা।

নিহতদের বন্ধু মো. সোলাইমান দেশ রূপান্তরকে জানান, রাতে তারা বন্ধুরা মিলে মুগদা হাসপাতালের পাশে ব্যাডমিন্টন খেলেন। এরপর দুটি মোটরসাইকেল নিয়ে তারা বেশকিছু সময় রাজধানীর বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেন, খাবার খান। মাঝরাতে বাসায় ফেরার সময় দুর্ঘটনার শিকার হন তারা। আল আমিন মোটরসাইকেলটি চালাচ্ছিল। সোলাইমানদের মোটরসাইকেলটি ফ্লাইওভার উঠে দেখে, তাদের তিন বন্ধু রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তখন সেখান থেকে তাদের প্রথমে মুগদা হাসপাতাল, পরে ঢাকা মেডিকেলে নিয়ে যান।

খিলগাঁও থানার ওসি ফারুকুল আলম দেশ রূপান্তরকে বলেন, রাতে খিলগাঁও ফ্লাইওভারের ঢালে একটি থেমে থাকা কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। ঘাতক কাভার্ড ভ্যান ও এর চালককে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তিনি বলেন, নিহতের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত