মাইগ্রেশনসহ বেশ কয়েকটি দাবিতে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক প্রায় ১ ঘণ্টা অবরোধ ও বিক্ষোভ করেছে সাভারে নাইটিংগেল মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা। এসময় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, নাইটিংগেল মেডিকেল কলেজের বিএমডিসির কোনো অনুমতি নেই। এ জন্য অন্যত্র মাইগ্রেন করতে গেলে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তার বিরুদ্ধে একটি রিট করে। এর ফলে আমরা অন্যত্র মাইগ্রেন করতে না পারায় বাধ্য হয়ে সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপে অন্য প্রতিষ্ঠানে মাইগ্রেশনের দাবিতে আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।
মেডিকেল কলেজটির অধ্যক্ষ রুহুল কুদ্দুস রুমি বলেন, সপ্তাহখানেক হলো আমি প্রিন্সিপালের দায়িত্ব পেয়েছি। আগে আমি এখানকার প্যাথলজির দায়িত্বে ছিলাম। রিটের একটি বিষয়ে সব কিছু আটকে আছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক বলেন, সড়ক অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। পরে শিক্ষার্থীদের বুঝিয়ে দ্রুত সময়ের মধ্যে সড়ক থেকে সরিয়ে দিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।
