চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা. মোহাম্মদ ফজলুল করিম শনিবার (১৯ নভেম্বর) যোগদান করেছেন। এর আগে তিনি কক্সবাজার সদর হাসপাতালে আরএমও হিসেবে কর্মরত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, পূর্ববর্তী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুমা ভট্টাচার্য্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে সহকারী পরিচালক হিসেবে বদলির পর ডা. মোহাম্মদ ফজলুল করিম তার স্থলাভিষিক্ত হন।
৩৩তম বিসিএসের (স্বাস্থ্য ক্যাডার) এ কর্মকর্তা গণস্বাস্থ্য মেডিক্যাল কলেজ হতে এমবিবিএস পাস করেন। তার গ্রামের বাড়ি মিরসরাই উপজেলায়। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও এক সন্তানের জনক। তার স্ত্রী সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনোকলজিস্ট হিসেবে কর্মরত।
নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ফজলুল করিম স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পরিচয় হওয়ার শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ নবাগত কর্মকর্তাকে ফুলের শুভেচ্ছা জানান।
ডা. মোহাম্মদ ফজলুল করিম বলেন, আমি সরকারের সকল চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ও হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করছি। চন্দনাইশের সকলের সহযোগিতায় স্বাস্থ্য বিভাগের সকল কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়া হবে।
