ব্যাংকগুলোতে অর্থ আছে, দুশ্চিন্তার কারণ নেই : এবিবি

আপডেট : ২১ নভেম্বর ২০২২, ০১:২৬ এএম

বর্তমানে ব্যাংকগুলোতে পর্যাপ্ত অর্থ রয়েছে। গ্রাহকদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত। এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই জানিয়ে গুজবে বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ। গতকাল রবিবার দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে এবিবির চেয়ারম্যান এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সেলিম আর এফ হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রতিক সময়ে দেশের ব্যাংকগুলোতে তারল্য নিয়ে অনেক গুজব লক্ষ করা গেছে। বলা হচ্ছে, আমাদের কাছে পর্যাপ্ত তারল্য নেই। গ্রাহকদের নগদ টাকা তুলতে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বলে গুজব ছড়ানো হচ্ছে। বিশেষ করে প্রবাসীদের মধ্যেও এ গুজবটি ছড়ানো হচ্ছে, যাতে তারা বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে নিরুৎসাহিত হন। এগুলো খুবই দুঃখজনক।

তিনি বলেন, এ গুজব প্রচারকারীরা আমাদের গ্রাহকদের, সমাজের এবং দেশের ক্ষতি করছে। এসব তথাকথিত তথ্যের কোনো ভিত্তি নেই এবং এগুলো অসত্য। বর্তমানে ব্যাংকগুলোতে পর্যাপ্ত অর্থ আছে। আমরা গ্রাহকদের এই বলে আশ্বস্ত করতে চাই যে, ব্যাংকগুলোতে তাদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত আছে। এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।

এবিবির বার্তায় বলা হয়, বাংলাদেশ ব্যাংকও সবাইকে আশ্বস্ত করেছে। বর্তমানে ব্যাংকগুলোতে তারল্যের কোনো ঘাটতি নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত