২০ দিনেই ডেঙ্গুতে মৃত্যু অক্টোবরকে ছাড়াল

আপডেট : ২১ নভেম্বর ২০২২, ০১:৩৮ এএম

এ মাসের এখনো ১০ দিন বাকি। কিন্তু ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ অক্টোবরের মৃত্যুর রেকর্ড ছাড়িয়ে গেছে। গতকাল রবিবারের আগে পর্যন্ত এ বছরের সর্বোচ্চ মৃত্যু ছিল অক্টোবরে, ৮৬ জনের। গতকাল নতুন করে আরও ৪ জনের মৃত্যু হয়। তাতে অক্টোবরের রেকর্ড ছাড়িয়ে মৃত্যু পৌঁছেছে ৮৯ জনে।

এ নিয়ে এ বছর গতকাল পর্যন্ত ২৩০ জনের মৃত্যু হলো। এই মৃত্যু দেশে ডেঙ্গুতে এ যাবৎকালের সর্বোচ্চ মৃত্যু। এর আগে সর্বোচ্চ মৃত্যু ছিল ২০১৯ সালে ১৭৯ জনের। কিন্তু এ বছর এক মাস ১৯ দিন আগেই গত ৮ নভেম্বর সে রেকর্ড ছাড়িয়ে যায়। সেদিন বছরে মোট মৃত্যু দাঁড়ায় ১৮২ জনে। এ বছর ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের বড় অংশই শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৬৬৪ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৫২ হাজার ৮০৭ জন। তাদের মধ্যে ঢাকায় ৩৪ হাজার ৭১ জন ও ঢাকার বাইরে ১৮ হাজার ৭৩৬ জন।

এ বছর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ১৩৯ জনের। তাদের মধ্যে ১৩৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে। বাকি দুজন মারা গেছেন মাদারীপুর ও নরসিংদীতে। ঢাকার পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে। এই বিভাগে এখন পর্যন্ত ৫৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে শুধু কক্সবাজারেই মারা গেছেন ২৪ জন। এর মধ্যে বড় অংশটি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত