ইরানকে গুড়িয়ে দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ইংল্যান্ডের

আপডেট : ২১ নভেম্বর ২০২২, ০৯:২৮ পিএম

লড়াইটা হবে একপেশি। নিজেদের গোল বার আগলে রাখবেন ১১ ফুটবলারই। এমনটা ছিল প্রত্যাশিত। ইংল্যান্ড সেটা মাঠে দেখিয়েছেও। তবে বিশ্বকাপ খেলতে আসা ইরানও যে কম যায় না! তারাও লড়াই করেছে। তাতে গোলের দেখা পেয়েছে। তবে সেটা শুধু হারের ব্যবধান কমাতে পেরেছে। ইংল্যান্ড যেন রীতিমতো গুড়িয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরানকে।

খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সোমবার বিশ্বকাপের ‘বি’ গ্রুপের নিজেদের প্রথম ম্যাচে ইংলিশরা জয় পেয়েছে ৬-২ গোলের ব্যবধানে। ইরানকে গুড়িয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করলো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। 

ইংলিশদের হয়ে জোড়া গোল করেন বুকায়ো সাকা। একবার করে জালের দেখা পান জুড বেলিংহ্যাম, রাহিম স্টার্লিং, মার্কাস র‍্যাশফোর্ড ও জ্যাক গ্রিলিশ। ইরানের দুটি গোলই করেন মেহদি তারেমি।

টানা ৬ ম্যাচে জয়হীন থেকে বিশ্বকাপে পা রেখেছিল ইংল্যান্ড। জয়ে ফেরার পাশাপাশি নকআউটে যাওয়ার পথে এক ধাপ এগিয়ে গেল গত আসরের সেমি-ফাইনালিস্টরা।

বড় টুর্নামেন্টের (বিশ্বকাপ/ইউরো) কোনো ম্যাচে এই নিয়ে দ্বিতীয়বার পাঁচ বা এর বেশি গোল করল ইংল্যান্ড। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে পানামাকে ৬-১ গোলে হারিয়েছিল তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত