দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে দুদিনব্যাপী ‘ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট-২০২২’ এর উদ্বোধন করা হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব আয়োজিত এই ফেস্ট গতকাল সোমবার সকালে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখর।
উদ্বোধনের পর একটি র্যালি বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের ৩য় তলায় উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। প্রেস ক্লাবের সভাপতি নিহার সরকার অংকুরের সভাপতিত্বে এতে উদ্বোধকের বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখর। দুদিনের জার্নালিজম ফেস্টে ২০টি বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক সাংবাদিক অংশ নেয়। অনুষ্ঠানে ছয়জন সাংবাদিককে অনুসন্ধানী ও ফিচার সাংবাদিকতায় অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এর মধ্যে অনিয়ম, দুর্নীতি ও অনুসন্ধানী সাংবাদিকতায় সেরা ক্যাম্পাস প্রতিবেদক হিসেবে প্রথম স্থান লাভ করেন দেশ রূপান্তরের কবি নজরুল সরকারি কলেজ প্রতিনিধি যায়েদ হোসেন মিশু।
