আরেক পুলিশ সুপার বাধ্যতামূলক অবসরে

আপডেট : ২২ নভেম্বর ২০২২, ০১:৪৭ এএম

চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই আরেক পুলিশ সুপারকে (এসপি) অবসরে পাঠিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ গত ১৬ নভেম্বর এক আদেশে পুলিশ সুপার ব্যারিস্টার মো. জিল্লুর রহমানকে অবসরে পাঠালেও জননিরাপত্তা বিভাগের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে গত রবিবার।

পুলিশের বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ঢাকার ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের (টিডিএস) অতিরিক্ত কমান্ড্যান্ট জিল্লুর রহমানকে ‘জনস্বার্থে’ বাধ্যতামূলক অবসরে পাঠানোর কথা বলা হয়েছে আদেশে। সাম্প্রতিক সময়ে এ নিয়ে বিসিএস পুলিশ ক্যাডারের মোট সাত কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার। এর মধ্যে দুজন অতিরিক্ত ডিআইজি ও পাঁচজন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা।

জিল্লুর রহমানকে অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য অতিরিক্ত কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ব্যারিস্টার মো. জিল্লুর রহমানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। সরকারি চাকরি আইনের ৪৫ নম্বর ধারায় বলা আছে, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পর যেকোনো সময় সরকার জনস্বার্থে প্রয়োজনীয় মনে করলে কোনো কারণ না দেখিয়ে তাকে চাকরি থেকে অবসর প্রদান করতে পারবে। তবে শর্ত থাকে যে, যেক্ষেত্রে রাষ্ট্রপতি নিয়োগকারী কর্র্তৃপক্ষ, সেক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদন গ্রহণ করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত