টাঙ্গাইলের দেলদুয়ারে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার সকালে দেলদুয়ার সৈয়দ মহব্বত আলী ডিগ্রি কলেজের পশ্চিমপাশে ফসলের মাঠ থেকে শাকিল সিকদার (১৪) নামে ওই ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে রবিবার রাতের কোনো একসময় তাকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে।
শাকিল সিকদার স্থানীয় বাথুলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। লাশ উদ্ধারের সময় দেহ থেকে তার মাথা বিচ্ছিন্ন ছিল। তার মাথা ও ঘাড়ে ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন পাওয়া গেছে। শাকিল সদর ইউনিয়নের বারপাখি গ্রামের মো. বুদ্দু শিকদারের ছেলে। অটোরিকশা চালিয়ে পড়াশোনার খরচ জোগাত।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার রাত ১০টার দিকে বারপাখিরা গ্রামে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে সবশেষ দেখা যায় শাকিলকে। এরপর থেকে নিখোঁজ ছিল। সকালে কৃষিজমিতে শ্রমিকরা কাজ করতে গিয়ে তার লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে দেলদুয়ার থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. শরফুদ্দীন দেশ রূপান্তরকে বলেন, ‘রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা নৃশংসভাবে হত্যা করে স্কুলছাত্র শাকিলের লাশ কৃষিজমিতে ফেলে রেখে যায়। লাশ উদ্ধার করে সুরতহাল
প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।’
