বিএনপি সরকারের আমলে জঙ্গিবাদের সূত্রপাত এবং তারাই শায়খ আবদুর রহমান, বাংলাভাইকে সৃষ্টি করেছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘হাওয়া ভবন থেকে জঙ্গিদের ইন্ধন দেওয়া হতো। তারাই জঙ্গিদের সৃষ্টি করেছে। আর আমরা (আওয়ামী লীগ) জঙ্গিবাদের বিরুদ্ধে। আদালতে কারা জঙ্গিদের ছিনিয়ে নিয়েছে, সেটার তদন্ত চলছে। অপেক্ষা করুন তদন্তে বের হয়ে আসবে।’
গতকাল মঙ্গলবার লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল মিথ্যাচার করছেন অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ফখরুলের মুখে এত মধু, কিন্তু অন্তরে বিষ। তাই আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছেন। নিজেদের টাকায় পদ্মা সেতু হয়েছে, বঙ্গবন্ধু ট্যানেল হয়েছে। এগুলো ফখরুলদের সহ্য হয় না। প্রধানমন্ত্রীকে নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন।’
তিনি বলেন, মির্জা ফখরুল দাবি করেছেন যে ‘প্রধানমন্ত্রী নাকি বলেছেন দেশে দুর্ভিক্ষ হবে।’ প্রধানমন্ত্রী এমন কথা বলেননি। বৈশি^ক পরিস্থিতিতে তিনি বিশ্ব নেতাদের এখনই সতর্ক হতে বলেছেন।’
১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাবেশের বিষয়টি উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তারা নাকি আমাদের বিরুদ্ধে খেলতে চায়। লক্ষ্মীপুরবাসী প্রস্তুত থাকুন, ডিসেম্বরকে কেন্দ্র করে অপশক্তি মাঠে নেমেছে।’
জেলা স্টেডিয়ামে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বিশেষ অতিথি ছিলেন সভাপতিম-লীর আরেক সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বিশেষ বক্তা লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।
জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে সম্মেলন সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন।
