কাতার বিশ্বকাপের চতুর্থ দিনে মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আলাদা খেলায় মাঠে নামবে দুই সাবেক চ্যাম্পিয়ন জার্মানি ও স্পেন। এ ছাড়া ক্রোয়েশিয়া ও বেলজিয়ামও নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে এদিন।
দিনের ম্যাচগুলো নিয়ে দেশ রূপান্তরে বিশেষ আয়োজন ‘আজকের প্রেডিকশন’ অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন নারী ফুটবল দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন। ম্যাচগুলো কেমন হতে পারে, বলেছেন সে নিয়ে।
বাংলাদেশ সময় বিকেল ৪টায় ক্রোয়েশিয়া খেলবে মরক্কোর বিপক্ষে। সন্ধ্যা ৭টায় জার্মানির প্রতিপক্ষ জাপান। স্পেন রাত ১০টায় মাঠে নামবে কোস্টারিকার বিপক্ষে। রাত ১টায় বেলজিয়াম খেলবে কানাডার বিপক্ষে।
মরক্কোর বিপক্ষে দিনের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়া এগিয়ে থাকবে বলে মনে করেন ছোটন, ‘আমি মনে করি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। তবে এখানে ক্রোয়েশিয়াকে আমি এগিয়ে রাখব। গত বিশ্বকাপে তারা খুবই ভালো খেলেছে। তা ছাড়া ওদের খেলোয়াড়রা বিশ্বের বড় বড় লিগে খেলে থাকে।’
দিনের শেষ ম্যাচে কানাডার বিপক্ষে বেলজিয়ামকে ফেভারিট মানছেন ছোটন। দেশের নারী ফুটবলের অনেক সাফল্যের এই কারিগর বলেন, ‘বেলজিয়াম অবশ্যই ফেভারিট। গত বিশ্বকাপের তাদের যে পারফরম্যান্স, সঙ্গে অভিজ্ঞ অনেক খেলোয়াড় আছে। কোচ রবের্তো মার্তিনেস দীর্ঘ দিন ধরে আছে দলটির সঙ্গে।’
জার্মানি-জাপান, স্পেন-কোস্টারিকা ম্যাচের স্কোর লাইন জানতে চাইলে সরাসরি সেটা বলতে চাননি ছোটন। বরং প্রতিটি ম্যাচই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মন্তব্য তার।
‘আর্জেন্টিনা সৌদি আরবের খেলায় কিন্তু দেখেছি প্রথমার্ধে আর্জেন্টিনা অনেক সুযোগ তৈরি করেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গোল পায়নি। সেটাই প্রভাব দ্বিতীয়ার্ধে পড়েছে।’
ছোটন আরও বলেন, ‘প্রতিটি ম্যাচই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। ভালো ফুটবলই দেখতো পাবো আমরা।’
