এই ব্রাজিলকে খুব সিরিয়াস মনে হচ্ছে

আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ০২:১৮ এএম

এবারের বিশ্বকাপে হট ফেভারিটদের তালিকায় থাকা আর্জেন্টিনা শুরুতেই হোঁচট খেয়েছে। চারবারের চ্যাম্পিয়ন জার্মানি হেরে গেছে জাপানের বিপক্ষে। পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের এবার মাঠে নামার পালা। সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আজ বিশ্বকাপ অভিযান শুরু করবে নেইমাররা।

এমনিতেই ব্রাজিলের অগণিত সমর্থক বিশ্বজুড়ে। তাই এই ম্যাচ ঘিরে সবার উন্মাদনা থাকবে। আর আর্জেন্টিনা ও জার্মানি যেহেতু শুরুতেই হেরে গেছে, ব্রাজিল কেমন করে সেটা দেখতে চাইবে সবাই। ব্রাজিলের গ্রুপটাও সহজ নয়। সার্বিয়া ছাড়াও ‘জি’ গ্রুপে তাদের খেলতে হবে ক্যামেরুন ও সুইজারল্যান্ডের বিপক্ষে। সার্বিয়ার বিপক্ষে ম্যাচটা তাই ব্রাজিল গুরুত্ব সহকারে নেবে। প্ল্যানিং করে নামবে।

বিশ্বকাপে যে দলগুলো শিরোপা লক্ষ্য নিয়ে আসে, তাদের সবারই লক্ষ্য থাকে গ্রুপের প্রথম ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট তুলে নেওয়া। নির্ভার থাকার সুযোগ নেই। এখানে যেমন আর্জেন্টিনা ও জার্মানির প্রসঙ্গ টানা যেতে পারে। প্রথম ম্যাচটাই হেরে যাওয়ায় তাদের এখন ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করতে হবে। জিতে গেলে কিন্তু আবহটাই ভিন্ন থাকত।

সার্বিয়ার বিপক্ষে ব্রাজিল শুরুর একাদশ কীভাবে সাজাবে এটা দেখার ব্যাপার হবে। কোচ তিতে হয়তো ৪-৩-৩ ফর্মেশনে যেতে পারেন। সেক্ষেত্রে আলিসন গোলপোস্টে থাকলে দানিলো ও আলেক্স সান্দ্রো রাইট ও লেফট ব্যাক হিসেবে খেলবে। সেন্টার ব্যাক হিসেবে হয়তো মার্কিনিয়োস খেলবে থিয়াগো সিলভার সঙ্গে। মিডফিল্ডে কাসেমিরো ও ফ্রেদ শুরুর একাদশে থাকবে এটা বলাই যায়। লুকাস পাকেতাও শুরুর একাদশে আসতে পারেন। সেটা হলে নেইমার চলে যাবেন উইংয়ে। দুই প্রান্তে রিচার্লিসন ও রাফিনিয়া চলে যাবে। আন্তোনির কথা অনেকে বলছে, তবে আমার হয় রাফিনিয়াই রাইট সাইটে থাকবে।

সার্বিয়ার স্তেফান মিত্রোভিচের ইনজুরি ছিল। ও শুরুর একাদশে নাও থাকতে পারে। ওদের ফর্মেশন অনেকটা ৩-৪-৩, ৩-৫-২, ৩-৪-১-২ ধরনের হয়ে থাকে। ওদের দুসান তাদিচ খুব ভালো খেলোয়াড়, আয়াক্সে খেলে থাকে। ব্রাজিল ম্যাচে ও দুজন স্ট্রাইকারের পেছনে থাকতে পারে। মিলিনকোভিচ-সাভিচ ওদের সেনসেশন খেলোয়াড়। লাৎসিওতে খেলা এই মিডফিল্ডার ম্যাচ কন্ট্রোল করে সাধারণত।

সার্বিয়া দলটা কাউন্টার অ্যাটাকে খুব ভালো। ব্রাজিলের সঙ্গেও কাউন্টার অ্যাটাকে তারা ভালো করতে চাইবে। তবে আমার কাছে ব্রাজিলকে খুব সিরিয়াস মনে হচ্ছে। সেটা যে কোনো সময়ের চেয়ে। ব্রাজিল নিশ্চয়ই ফল পক্ষে আনতে পারবে। সেটা ১-০ বা ২-০ হতে পারে। কারণ ব্রাজিলে অনেক ভালো মানের খেলোয়াড়। ওদের উইং ব্যাক আগের মতো আর ওভারল্যাপ করে না। এজন্য দেখা যায় বলের পেছনে অনেক খেলোয়াড় থাকে। কাউন্টার অ্যাটাকে তাই ব্রাজিলকে বিপদে ফেলা মুশকিল হবে।

আরেক ম্যাচে এদিন ঘানার বিপক্ষে খেলবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। দুদিন আগেই রোনালদো ও ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যে বন্ধনের ইতি ঘটেছে। এটা পর্তুগাল দলের ওপর প্রভাব পড়বে কি-না এই আলোচনা রয়েছে। তবে আমার মনে হয় রোনালদোর জন্য এটা ভালোই হয়েছে। মৌসুমের শুরুতেই ও ক্লাব ছাড়তে চায় এমন খবর সংবাদমাধ্যমে এসেছে। ক্লাব তাকে ছাড়েনি। এরপর তো অনেক কিছুই হলো। তবে রোনালদো এখন নির্ভার হয়ে খেলতে পারবে। অবশ্য ঘানার বিপক্ষে ম্যাচটা পর্তুগালের জন্য খুব সহজ হবে এটা বলার উপায় নেই। ড্র হলেও সেটা অস্বাভাবিক কিছু হবে না। ঘানার সেই সামর্থ্য রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত