স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘আমরা কোনো মিলিটারি শাসনে বিশ্বাস করি না, কোনো ক্যু-এর ওপর বিশ্বাসী না। আমরা বিশ্বাস করি জনগণ। আমরা বিশ্বাস করি জনগণের ভোট, জনগণের আস্থা। আমরা কোনো ষড়যন্ত্র বিশ্বাস করি না, বিশ্বাস করি দেশে জনগণ ভোট দেবে, আওয়ামী লীগ আবার সরকার গঠন করবে।’
গত বুধবার রাতে নরসিংদীর রায়পুরা চরাঞ্চলের পাড়াতলী ইউনিয়নে আলীনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর ভাষাসৈনিক প্রয়াত এ.কে.এম বজলুর রহমান ও শাহানারা ফাউন্ডেশনের উদ্যোগে এই ম্যুরাল তৈরি করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের এই অগ্রযাত্রাকে যদি ধরে রাখতে হয়, তাহলে এই নৌকা মার্কার কোনো বিকল্প নেই, শেখ হাসিনার কোনো বিকল্প নেই এ কথা আপনার ভাইকে বলবেন, আপনার পার্শ¦বর্তীদের বলবেন।’
এ সময় তিনি ভাষাসৈনিক প্রয়াত একেএম বজলুর রহমান ও তার সন্তান এস.এস.এফ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মজিবুর রহমানের জীবন নিয়ে আলোকপাত করেন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে ওই ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও শিক্ষাসামগ্রী বিতরণ করেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির আন্তর্জাতিকবিষয়ক সদস্য ও স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রয়াত একেএম বজলুর রহমান ও শাহানারা ফাউন্ডেশনের পরিচালক ড. আসওয়াত আকসীর মুজিব ওয়াসির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি, পাড়াতলী ইউপি চেয়ারম্যান আলহাজ ফেরদৌছ কামাল জুয়েল।
পরে রাতে রায়পুরা রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটরিয়ামে সুধী সমাবেশে অংশ নিয়ে বক্তব্য রাখেন আসাদুজ্জামান খান কামাল এমপি।
