অমিতাভ রেজার ওয়েব সিরিজ ‘বোধ’-এ অভিনয় করে প্রশংসিত হচ্ছেন তরুণ অভিনেত্রী সারাহ্্ আলম। এই সিরিজ ও সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ
দর্শক সাড়া...
দর্শক ‘বোধ’ বেশ পছন্দ করেছেন। শ্রাবন্তী চরিত্রটা ভালো লেগেছে। দিন শেষে ভালো লাগছে দর্শকের প্রতিক্রিয়া দেখে। এতটা ভালো প্রতিক্রিয়া পাব, নিজেও ভাবিনি।
পেছনের গল্প...
২০১৬ সালের দিকে অমিতাভ ভাইয়ের সঙ্গে আমার প্রথম কাজ বিজ্ঞপনচিত্রে। এরপর একসঙ্গে আরও কয়েকটা কাজ করার সুবাদে তার সঙ্গে ভালো সম্পর্ক তৈরী হয়েছে। আমি উচ্চতর পড়াশুনার জন্য স্পেনে চলে যেতে চাচ্ছিলাম। এরমধ্যে এক দিন অমিতাভ রেজা বললেন, ‘একটা ক্যারেক্টার আছে, তুমি অডিশন দাও।’ এটা আমি সিরিয়াসভাবে নিইনি। গিয়ে অডিশন দিলাম। এরপর অনেক দিন হইচই থেকে আমাকে সিলেক্ট করার পর অমিতাভ ভাই ফোন করে বললেন, ‘অফিসে চলে এসো, রিহার্সালে যেতে হবে।’ এভাবেই সিরিজটির সঙ্গে যুক্ত হওয়া। সিরিজটি করার জন্য আমার আপাতত স্পেন যাওয়া হলো না। কিন্তু ভবিষ্যতে যেতে চাই, তাতে তেমন কোন বাঁধাও নেই। কারণ আমার পরিবার স্পেনেই থাকেন।
কাজের অভিজ্ঞতা...
ওটিটিতে এটাই আমার প্রথম কাজ। অমিতাভ ভাইয়ের মতো পরিচালকের সঙ্গে কাজ, এত বড় একটা প্রজেক্টÑসব মিলিয়ে প্রথমে আমি ভয়ে ছিলাম। অমিতাভ ভাইয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বরাবরই ভালো। তিনি আসলে দক্ষ একজন মানুষ। যে চরিত্র থেকে যে ধরনের পারফরম্যান্স প্রয়োজন, সেটা তিনি বের করে আনেন। এত সুন্দর করে চরিত্রটা বুঝিয়ে দিতে পারেন যে খুব বেশি কষ্ট করতে হয় না। আরেকটা বড় বিষয় ছিল, আফজাল হোসেনের মতো অভিনেতার সঙ্গে অভিনয়। এ ছাড়া ছিলেন দিলারা জামান। তাদের সঙ্গে শ্যুটিংয়ের পুরো সময়টায় খুব মজা হয়েছে।
রেডিও জকি থেকে অভিনেত্রী...
রেডিও ফুর্তিতে রেডিও জকির কাজ দিয়ে ক্যারিয়ার শুরু করি। আমার শো শুনে অমিতাভ রেজা ভাই বিজ্ঞাপনচিত্রে কাজের প্রস্তাব দেন। কয়েকটা বিজ্ঞাপন করি। এবকার নির্মাতা রাহশান নূর আমার শোতে অতিথি হয়ে আসেন। তখন তিনি ‘বেঙ্গলি বিউটি’ ছবির গল্প লিখছিলেন। সেখানেও মিতা রহমান (প্রখ্যাত অভিনেত্রী) নামে রেডিও জকির চরিত্র ছিল। তাই পরিচালক আমাকে এই চরিত্রের জন্য আমাকে অডিশন দিতে বলেন। এক মাস পর আমাকে নিশ্চিত করা হয়। এভাবেই অভিনয় শুরু।
নতুন কাজ...
অনেক একটি কর্পোরেট হাউজে পাবলিক রিলেশন অফিসার হিসাবে চাকরি করেছি। বিদেশে পড়তে যাওয়ার জন্যই সেটি ছেড়ে দিই। বিদেশে যাওয়া হলো না অভিনয়ের জন্য। তবে তাতে আমি খুশি। কার যত দিন ধরে রাখতে পারি তত দিন অভিনয় চালিয়ে যাব। চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে চাই। যে চরিত্র আগে কেউ দেখেননি। সম্প্রতি তেমনি একটি সিরিজ করেছি। চরকির এই সিরিজের নাম ‘ইন্টার্নশিপ’। কিছুদিনের মধ্যে টিজার চলে আসবে। সিরিজটি হয়তো আগামী বছর মুক্তি পাবে।
