কলকাতার ঐতিহ্যবাহী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আগামী ১৫ ডিসেম্বর। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধন অনুষ্ঠান হবে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে। কলকাতার ১০টি প্রেক্ষাগৃহে হবে চলচ্চিত্র প্রদর্শনী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল রাজ্য বিধানসভার অধিবেশনে বলেছেন, এবারের উৎসবে বলিউড তারকা অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান উপস্থিত থাকতে পারেন। তবে অমিতাভ ও জয়া বচ্চনের যোগদান নিশ্চিত হলেও শাহরুখ খানের যোগ দেওয়া এখনো নিশ্চিত হয়নি। শাহরুখ খান পশ্চিমবঙ্গ সরকারের শুভেচ্ছাদূত। এবারের উৎসবে আরও উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোসসহ মুখ্যমন্ত্রী মমতাও। এবার বসবে কলকাতা চলচ্চিত্র উৎসবের ২৮তম আসর। গত বছরের এ উৎসবে বাংলাদেশ থেকে যোগ দিয়েছিল শবনম ফেরদৌসের পরিচালিত ছবি ‘আজব কারখানা’।
×
