গত ১৫ নভেম্বর দৈনিক দেশ রূপান্তরের তৃতীয় পৃষ্ঠায় ‘৩০ কোটি টাকা নিয়ে উধাও’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন মো. জালাল উদ্দিন আহমেদ নামে এক ব্যক্তি। প্রতিবাদপত্রে তিনি বলেছেন, ‘আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আর আমাকে আনজাম গ্লোবাল লিমিটেডের প্রধান হিসেবে অভিহিত করা হয়েছে। কিন্তু আমি এই প্রতিষ্ঠানের প্রধান বা পরিচালনা কমিটির কেউ না। আমি আনজাম গ্লোবাল লিমিটেডের একজন সাধারণ ডিস্ট্রিবিউটর ও গ্রাহক।’
প্রতিবেদকের বক্তব্য : প্রকাশিত প্রতিবেদনে শুধু ভুক্তভোগীদের অভিযোগগুলো তুলে ধরা হয়েছে। এ ছাড়া অর্থ আত্মসাতের অভিযোগে এরই মধ্যে ২০টি মামলা হওয়ার পর এলাকা ছেড়ে যাওয়া জালাল উদ্দিনের মোবাইল ফোনে নেওয়া বক্তব্যও প্রতিবেদনে রয়েছে। এই প্রতিবেদক যখন তার বক্তব্য নেন, তখন তিনি নিজেকে আনজাম গ্লোবাল লিমিটেডের দোহার-নবাবগঞ্জের পরিচালক হিসেবে পরিচয় দেন। এ ছাড়া গ্রাহকদের পাওনা টাকা ধীরে ধীরে ফেরত দেওয়া হচ্ছে বলে দাবি করেন। প্রতিবাদলিপিতে আত্মগোপনে যাননি বলেও দাবি করেছেন জালাল উদ্দিন। কিন্তু পুলিশ বলছে, অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তারের জন্য তাকে খোঁজা হচ্ছে। যথাযথ তথ্য-উপাত্ত-বক্তব্য নিয়ে প্রতিবেদন তৈরি করা হয়েছে।
