পৃথিবী বুঁদ হয়ে আছে যে ছবিতে

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ০১:৪২ এএম

ব্রাজিলিয়ান অঙ্কনশিল্পী গিলমার পাইভাকে বিশ্ব ফুটবলের অনেকেই হয়তো চেনেন না। তবে এখন থেকে তিনি আর অচেনা থাকবেন না। সার্বিয়ার বিপক্ষে অ্যাক্রোবেটিক স্টাইলে করা রিচার্লিসনের গোলের ছবি এঁকে ফুটবল বিশ্বে পরিচিতি পেয়ে গেলেন। সেই পরিচিতি এনে দিয়েছেন স্বয়ং ব্রাজিল তারকা। পিঠে পাখাযুক্ত বাইসাইকেল কিক ভঙ্গির সেই ছবিটা রিচার্লিসন নিজে টুইটারে শেয়ার দিয়েছেন। তাতে গতকাল বিকেল পর্যন্ত লাইক ১৩ লাখের ওপর। শুধু ছবি নয়, গোলটাই যে হইচই ফেলে দিয়েছে ফুটবলাঙ্গনে। গোল বলের খেলায় ফুটবলারদের উইন্ডিমিলের মতো শূন্যে ভেসে নেওয়া শটে লক্ষ্যভেদ করার নজির অনেক আছে। জøাতান ইব্রাহিমোভিচ. ক্রিশ্চিয়ানো রোনালদো, গ্যারেথ বেলরা সেই কীর্তি করে দেখিয়েছেন ক্লাব ফুটবলে। ওই গোলগুলোও চোখ ধাঁধিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তবে রিচার্লিসনের গত পরশুর গোল বিশ্বকাপের, তাই এ গোলের মহত্ত্ব বিশেষ। চোখ কপালে তুলে দেওয়ার মতো সুন্দর গোলটি তাই রিচার্লিসনেরও ক্যারিয়ারের অন্যতম সেরা।

এই বিশ্বকাপটা তার জন্য একটু দুশ্চিন্তা নিয়েই শুরু হয়। টটেনহ্যামের হয়ে মৌসুমে ১০ ম্যাচ খেলে ফেলেছেন অথচ গোল নেই। একজন জাত স্ট্রাইকারের জন্য তা একেবারে বেমানান। এই ফর্ম নিয়ে ব্রাজিলের বিশ্বকাপ জয়ে রিচার্লিসন অবদান রাখবেন কী করে! সার্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে গোল করার আগ পর্যন্ত তাকে খুঁজেও পাওয়া যাচ্ছিল না মাঠে। কিন্তু ৬২ মিনিটেই সব বদলে ফেলেন রিচি। নিজের প্রথম গোলের আগে মাত্র দুবার বলে পা ছোঁয়াতে পেরেছিলেন। ফুটবল ম্যাচে প্রথমার্ধ শেষ হয়, দ্বিতীয়ার্ধের ১০ মিনিট পার হয়ে যায় কিন্তু স্ট্রাইকারের পায়ে বল যায় মাত্র দুবার। ব্যাপারটি কেমন যেন। কিন্তু তৃতীয় টাচকেই স্বর্ণে পরিণত করেন রিচি। প্রথম গোল করে ব্রাজিলকেও এগিয়ে দেন। আর প্রায় ১০ মিনিট পর ওই অবিশ্বাস্য বাইসাইকেল কিকের গোল, যা এই বিশ্বকাপের সেরা গোলের তালিকায় ওপরেই থাকবে।

ম্যাচ শেষে সেরার পুরস্কার নেওয়া সাবেক এভারটন স্ট্রাইকার বলছিলেন গোল করার আগে গোলের গন্ধ পাচ্ছিলেন। ঠিক যেমন দক্ষ শিকারি শিকারের আগে জন্তুর ঘ্রাণ পেয়ে থাকেন। কোচ তিতেকে ব্রাজিল দলের সবাই প্রফেসর বলে ডাকেন। স্ট্রাইকারদের উজ্জীবিত করতে ম্যাচের মধ্যে তাদের গোলের ঘ্রাণ পাওয়ার কথা বলেন তিতে। রিচার্লিসন সেই দিকটি মাথায় এনেছিলেন ম্যাচে, ‘প্রফেসর (তিতে) যেমনটি বলেন, তুমি গোলের ঘ্রাণ পাচ্ছ, আমার ক্ষেত্রেও তাই। আমি গোলের ঘ্রাণ পাচ্ছিলাম এবং তাই ঘটেছে। এটি আমাদের জন্য দুর্দান্ত একটি রাত ছিল। একটি সুন্দর জয় অবশ্যই এবং লক্ষ্যে পৌঁছতে আমাদের আর ছয়টি ম্যাচ বাকি আছে।’

অথচ তিতে না হয়ে অন্য যে কোনো কোচ ১০ ম্যাচে গোল না করা স্ট্রাইকারকে সেরা একাদশে রাখতে দুবার ভাবতেন। ব্রাজিলের হয়ে দারুণ ফর্মে থাকায় তিতে সেই পথে হাঁটেননি। টটেনহ্যামের হয়ে গোল না পেলেও এই মৌসুমে জাতীয় দলের জার্সিতে দুর্দান্ত ছুটছেন রিচি। শেষ ৭ ম্যাচে করেছিলেন ৯ গোল। তিতে জানালেন রিচি অফফর্মে থাকলেও চিন্তা নেই তার, ‘আমাকে অবশ্যই বলতে হয় ব্রাজিল দলে এমন ৬-৭ জনের নাম বলতে পারি যাদের সবাইকে আপনি স্ট্রাইকার হিসেবে খেলাতে পারেন এবং তাতে সেরা একাদশ গড়তে আপনার বিন্দুমাত্র সমস্যা হবে না। আমি রিচির ওপর ভরসা রেখেছি কারণ সে আগে ভালো করেছে এবং সে আস্থার প্রতিদান দিয়েছে। যেভাবে সে দ্বিতীয়ার্ধে বল নিয়ন্ত্রণ করেছে তা অসাধারণ এবং ওই গোলটা অবিশ্বাস্য।’

এক ম্যাচে জোড়া গোল করে ২০১৪ সালে নেইমারের পর প্রথম ব্রাজিলিয়ান হিসেবে অভিষেক বিশ্বকাপে একাধিক গোল করলেন রিচার্লিসন। তার গোল নিয়ে বিবিসি টুইটারে আলোচনায় যোগ দেন গ্যারি লিনেকার, অ্যালান শিয়েরার ও ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিল ডিফেন্ডার গিলবার্তো সিলভা। লিনেকার নিজে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন এই গোলের। এরপর গিলবার্তোকে জিজ্ঞাসা করেন এটাই আসরের সেরা গোল কি না। জবাবে ব্রাজিল তারকা বলেন, ‘এখন পর্যন্ত অবশ্যই এটা সেরা গোল। রিচার্লিসন অনেক পরিশ্রম করছে। এটা তার প্রাপ্য ছিল। সে এই মুহূর্তে ব্রাজিলের সেরা স্ট্রাইকারদের একজন।’ সাবেক ইংল্যান্ড লিজেন্ড অ্যালান শিয়েরার রিচার্লিসনকে ব্রাজিলের স্বর্ণ বলেছেন, ‘ওর গোলগুলো সবসময় ভিন্ন হয়। প্রথম গোলটিও আমাকে একই রকম তৃপ্তি দিয়েছে যেমন দ্বিতীয়টা। টটেনহ্যামের হয়ে হয়তো সে এখনো গোল করেনি কিন্তু ব্রাজিলের হয়ে সে স্বর্ণে পরিণত হয়েছে।’

এদিকে রিচার্লিসনের অবিশ্বাস্য গোলের প্রশংসায় গলে যাচ্ছে বিশ্ব মিডিয়া। তাদের দাবি বিশ্বকাপের মঞ্চে এমন গোল প্রশংসার যে কোনো শব্দ বা ভাষাকেই হার মানায়। জার্মান দৈনিক বিল্ড লিখেছে স্বপ্নের গোল। ব্রিটিশ গার্ডিয়ান রিচার্লিসনের গোল করার মুহূর্তের ছবি দিয়ে লিখেছে খেলাটা কত সুন্দর তা আপনাদের দেখাই। নিউ ইয়র্ক টাইমস বলছে অসাধারণ, ঠিক যেন বায়ুচক্র (উইন্ডমিল)। ক্রীড়াক্ষেত্রে খ্যাতিমান স্প্যানিশ দৈনিক মার্কা নিজেদের স্প্যানিশ ভাষা ত্যাগ করে ব্রাজিলিয়ান পর্তুগিজ শব্দ দিয়ে হেডলাইন করেছে। এছাড়া ফিফা মাত্র তিন বর্ণে এই গোলের ব্যাখ্যা করেছে ওয়াও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত