আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের সম্মেলন মঞ্চে উপস্থিত হয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তাকে স্বাগত জানান সংগঠনটির নেতাকর্মীরা।
শনিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে সমাবেশস্থলে পৌঁছান তিনি। সম্মেলনে উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন শেখ হাসিনা।
সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকা ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুনে ছেয়ে গেছে। শাহবাগ থেকে মৎস্যভবন ও শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শাপলা চত্বর পর্যন্ত ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে।
মহিলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে ভোর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা সম্মেলনস্থলের বাইরে ভিড় করছেন। সম্মেলন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সবশেষ ২০১৭ সালের ৪ মার্চ মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। তখন সাফিয়া খাতুন সভাপতি এবং মাহমুদা বেগমকে সাধারণ সম্পাদক করা হয়। মহিলা আওয়ামী লীগের কমিটি ১৫১ সদস্যবিশিষ্ট। বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদকের বাইরেও অনেকেই নতুন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের পদ প্রত্যাশী রয়েছেন।
আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, এবার মহিলা আওয়ামী লীগের সম্মেলনে শীর্ষ পদে নতুন মুখ আসতে পারে। নির্বাচনকালীন পরিস্থিতি সামলানো সাংগঠনিক দক্ষতা, সারা দেশে নারীদের মধ্যে পরিচিত ও যোগ্যকেই শীর্ষ পদে দেওয়া হবে।
