বাঁ পায়ের জাদু দেখালেন লিওনেল মেসি। মেক্সিকোর বিপক্ষে যখন কিছুতেই গোল মিলছিল না, ঠিক তখন ত্রাতা হয়ে এলেন আর্জেন্টিনা অধিনায়ক। তার গোলে বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে যেন প্রাণ পেল দুইবারের চ্যাম্পিয়নরা।
লুসাইলে শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হয় আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচ। খেলার প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। ৬৪তম মিনিটে মেসি জাল খুঁজে নিলে এগিয়ে যায় কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা।
প্রথমার্ধে বল পজিশনে এগিয়ে ছিল আর্জেন্টিনা। তবে প্রতিপক্ষের গোলমুখে মেক্সিকোর প্রচেষ্টা ছিল বেশি। মেসির দারুণ এক ফ্রি কিক সুইং করে চমকে দিয়েছিল মেক্সিকো গোলরক্ষক ওচোয়াকে। তবে তার চেয়ে বড় পরীক্ষা দিতে হয়েছে আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে। একাধিক ভালো আক্রমণ রুখেছেন তিনি।
দুই দলের মুখোমুখি লড়াইয়ের অতীত বলছে, এখন পর্যন্ত ৩৫ বার দেখা হয়েছে তাদের। যার মধ্যে ১৬ ম্যাচে জিতেছে আর্জেন্টিনা। মেক্সিকোর জয় ৫ ম্যাচে। বাকি ১৪টি ড্র।
আর বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে তিনবারের সাক্ষাতে সবগুলোই জিতেছে আর্জেন্টিনা। তাদের প্রথম দেখা হয়েছিল ১৯৩০ সালে, বিশ্বকাপের উদ্বোধনী আসরে। সেবার ৬-৩ গোলে জিতেছিল আর্জেন্টিনা। আর বিশ্বমঞ্চে তাদের সবশেষ দেখা হয় ২০১০ আসরে, যেখানে ৩-১ গোলে জিতেছিল আর্জেন্টিনা।
