চালকের মাথায় হেলমেট না থাকলে পেট্রোল না দেওয়ার জন্য পাম্প মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছে জেলা পুলিশ। একইসঙ্গে, কমবয়সীদের ড্রাইভিং লাইসেন্স আছে কি না তা যাচাইয়ের জন্যও বলেছেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
রবিবার (২৭ নভেম্বর) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে পেট্রোল পাম্প মালিকদের সাথে মতবিনিময় সভায় এসব প্রসঙ্গ উঠে আসে।
মতবিনিময় সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন নীলফামারী সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। এসময় দুর্ঘটনা কমাতে ১৮ বছর বয়সের নিচে যারা মোটরসাইকেল নিয়ে পাম্পে আসবে তাদের ড্রাইভিং লাইসেন্স আছে কি না, তা যাচাই করে তেল দেওয়ার জন্য বলেন তিনি।
পুলিশ সুপার বলেন, সড়ক-মহাসড়ক ছাড়াও আঞ্চলিক সড়কে এখন অহরহ মোটরসাইকেল দুর্ঘটনা ঘটছে। মাথায় হেলমেট না থাকার কারণে ক্ষতি হচ্ছে বেশি।
পাম্প মালিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা অভিভাবকদেরকে সচেতন করার চেষ্টা করবেন। ১৮ বছরের আগে তাদের সন্তানদের হাতে যেন মোটরসাইকেল না দেওয়া হয় । তাহলে 'নো হেলমেট-নো ফুয়েল' কার্যক্রম সফল হবে। হেলমেট ছাড়া পেট্রোল দেওয়া বন্ধ হলে দুর্ঘটনা কমে আসবে বলে মনে করেন তিনি।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডোমার-ডিমলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আলী মোহাম্মদ আব্দুল্লাহ, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি সফিকুল আলম ডাবলু, জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি আকতার হোসেন স্বপন, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববী ও ৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।
