বিএনপিকে ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে আর কোথাও সমাবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, রাস্তাঘাট বন্ধ করে জনভোগান্তি বাড়িয়ে সমাবেশ করতে কাউকে দেওয়া হবে না।
গতকাল রবিবার বিকেলে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় এ কথা বলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার সরকারি বাসভবন গণভবনে আয়োজিত বোর্ডসভা শেষ হয় সন্ধ্যায়। মনোনয়ন চূড়ান্ত করা শেষে দেশের সর্বশেষ রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা ও সরকারবিরোধী বিভিন্ন অপপ্রচার নিয়ে প্রায় দেড় ঘণ্টা আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে এ প্রচারণা চালাচ্ছে বিএনপি। সভায় উপস্থিত একাধিক সদস্য দেশ রূপান্তরকে এ তথ্য জানান।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত এক নেতা আরও বলেন, প্রধানমন্ত্রী বলেছেন বিএনপি বড় জমায়েত করবে তাতে আপত্তি নেই, তারা সোহরাওয়ার্দী উদ্যানে করুক। দলীয় কার্যালয়ের সামনে সর্বোচ্চ ৪০-৫০ হাজার লোক ধরবে। তাদের বেশি লোকের প্রস্তুতি, সে জন্য সোহরাওয়ার্দী উদ্যান কেন নয়?
শেখ হাসিনা বলেছেন, বিএনপির সমাবেশ উপলক্ষে ছাত্রলীগের সম্মেলন ৮ থেকে ৬ ডিসেম্বর এগিয়ে এনেছে আওয়ামী লীগ। তিনি বলেছেন, কারও গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দেওয়ার ইচ্ছে আমাদের নেই। সহযোগিতার মানসিকতা নিয়ে বলতে চাই, বিএনপি বহু লোকের সমাবেশ ঘটাবে ঘটাক, উদ্যান তো দিতেই চাই। কোনো অবস্থাতেই রাস্তাঘাট বন্ধ করে রাজনৈতিক কর্মসূচি পালন করার সুযোগ নেই।
ওই নেতা জানান, সভায় শেখ হাসিনা বলেছেন, অর্থনৈতিক অবস্থা নিয়ে অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। বিশ্বের সব দেশেই বর্তমান পরিস্থিতি নাজুক। সেখানে আমরা বিভিন্ন পলিসি নিয়ে এগিয়ে যাচ্ছি, সফল হচ্ছি।
তিনি বলেন, ছয় মাস স্বাভাবিকভাবে চলার মতো সবকিছুই তার সরকার মজুদ রেখেছে। আগামী বছরের মার্চ-এপ্রিলে এ অবস্থা কেটে যাবে।
প্রধানমন্ত্রী আরও বলেছেন, ঋণপত্র (এলসি) খোলা নিয়ে একধরনের অপপ্রচার চলছে দেশে। আন্ডার ভয়েস ও ওভার ভয়েস এলসি খোলার ব্যাপারে আপত্তি রয়েছে। কারণ ওভার ভয়েস করে টাকা পাচারের সুযোগ থাকে এবং আন্ডার ভয়েস করে শুল্ক ফাঁকি দিতে চায়, সে জন্য এ ব্যাপারগুলোতে সতর্ক থাকতে বলা হয়েছে। প্রয়োজনীয় ও নিয়মানুযায়ী এলসি খোলা নিয়ে কোনো বাধা নেই। বৈদেশিক মুদ্রা নিয়ে যে সমস্যা তা আগামী জানুয়ারিতে কেটে যাবে বলে আশ্বস্ত করেন সরকারপ্রধান।
বিলাসবহুল পণ্যের এলসি খোলার ব্যাপারেও বিধিনিষেধ রয়েছে। এ জন্য ‘ব্লুমবার্গ’ অনুসরণ করার কথা বলা হয়েছে বলে ওই নেতা জানান। তিনি বলেন, গত শনিবার প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক তিন সদস্যের একটি কমিটি করে দিয়েছে। সেখানে এ সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে নজরদারি করা হবে।
৫ পৌরসভা ও ৫৪ ইউপিতে আ.লীগের প্রার্থী চূড়ান্ত : গতকালের মনোনয়ন বোর্ডের সভায় নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ৫ পৌরসভা ও ৫১ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পাঁচ পৌরসভায় নৌকা প্রতীকের প্রার্থীরা হলেন পঞ্চগড়ের বোদা পৌরসভায় আজাহার আলী, দিনাজপুরের বিরলে সবুজার সিদ্দিক সাগর, রাজশাহীর বাঘাতে শাহিনুর রহমান, নাটোরের বনপাড়াতে কেএম জাকির হোসেন এবং ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভায় সাইফুর রহমান।
