জমি অধিগ্রহণে অনিয়ম

কুষ্টিয়ায় কানুনগো ও সার্ভেয়ারের জেল

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১২:১৬ এএম

কুষ্টিয়ায় গ্যাস পাইপলাইন বসানোর ভূমি অধিগ্রহণের সময় অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের আলোচিত মামলায় সরকারের দুই সাবেক কর্মকর্তা-কর্মচারীকে জেল-জরিমানা করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গতকাল সোমবার দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক আশরাফুল ইসলাম তাদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায়ে দন্ডপ্রাপ্তদের তিন বছর করে সশ্রম কারাদন্ড ও ৪ লাখ ২০ হাজার টাকা করে অর্থদন্ডে র আদেশ দেওয়া হয়। জরিমানা অনাদায়ে বাড়তি ছয় মাসের সাজা ভোগ করতে হবে বলেও রায়ে উল্লেখ করা হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন মেহেরপুর জেলার আনন্দবাস গ্রামের বাসিন্দা ডা. ইজ্জত আলীর ছেলে কুষ্টিয়া জেলা প্রশাসনের অবসরপ্রাপ্ত (ঘটনার সময় চাকরিরত) কানুনগো রেজাউল করীম (৫৮) এবং কুমারখালী উপজেলার কালোয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে জেলা প্রশাসন কার্যালয়ের এলএ শাখা থেকে চাকরিচ্যুত সার্ভেয়ার রবিউল ইসলাম (৩৯)।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের নভেম্বরে ভেড়ামারা-খুলনা গ্যাস পাইপলাইন নির্মাণে জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় ফসলি জমিকে ভিটেবাড়ি দেখিয়ে সরকারের ৪ লাখ ২৪ হাজার টাকা ক্ষতিসাধন ও আত্মসাৎ করেন দন্ডপ্রাপ্তরা এমন অভিযোগ এনে ২০১৬ সালের ২৫ এপ্রিল ৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন দুদকের কুষ্টিয়া কার্যালয়ের উপপরিচালক আবদুল গফুর। ২০১৭ সালে ৩০ মার্চ চার কর্মকর্তাকে বাদ দিয়ে দুজনের নামে আদালতে চার্জশিট দেওয়া হয়।

দুদকের কৌঁসুলি আল মুজাহিদ মিঠু বলেন, সরকারি দপ্তরে কর্মরত অবস্থায় ক্ষমতার অপব্যবহার ও বিশ্বাস ভঙ্গ করে অবৈধভাবে আর্থিক সুবিধা নেওয়ায় কানুনগো রেজাউল করীম ও সার্ভেয়ার রবিউল ইসলামকে জেল-জরিমানা করেছেন আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত