মোট ১৭টি ক্যাটাগরিতে ৫৫টি প্রতিষ্ঠানকে আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড-২০২১ দেবে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)। প্রতি ক্যাটাগরিতে তিনটি করে (গোল্ড, সিলভার, ব্রোঞ্জ) মোট ৫৫টি প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হবে।
গতকাল সোমবার রাজধানীর ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম-সিএমজেএফ অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান আব্দুল আজিজ।
সংবাদ সম্মেলনে আইসিএমএবি প্রেসিডেন্ট মামুনুর রশিদ, ইনস্টিটিউটের সেক্রেটারি এ কে এম কামরুজ্জামান, কোষাধ্যক্ষ আলী হায়দার চৌধুরী এবং সাফা উপদেষ্টা ও সাবেক সাফা প্রেসিডেন্ট এ কে এম দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
আগামী ১ ডিসেম্বর রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়ত-উল-ইসলাম ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি জসীমউদ্দীন।
