'মাঙ্কিপক্স' নাম পাল্টে হলো 'এমপক্স'

আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ০২:০৪ পিএম

মাঙ্কিপক্স নামটি নিয়ে অভিযোগ বহুদিনের। শব্দটি 'বর্ণবাদী' ও 'কলঙ্কজনক' উল্লেখ করে দীর্ঘদিন ধরে এটির নাম পরিবর্তনের দাবি জানানো হচ্ছিল। অবশেষে মাঙ্কিপক্সের নতুন নাম দেওয়া হলো। রোগটির নতুন নাম 'এমপক্স'।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) এক ঘোষণায় এ তথ্য জানায়।

ঘোষণায় বলা হয়, মাঙ্কিপক্স ভাইরাসটি এখন থেকে এমপক্স নামে পরিচিত হবে। বিভিন্ন দেশের বিশেষজ্ঞ ও সাধারণ মানুষের সঙ্গে আলোচনার পর রোগের নাম এমপক্স রাখার সিদ্ধান্ত হয়েছে।

১৯৫৮ সালে ডেনমার্কে গবেষণার জন্য রাখা বানরের মধ্যে এই ভাইরাসটি প্রথম শনাক্ত হয় বলে এর নামকরণ করা হয় 'মাঙ্কিপক্স'। কিন্তু রোগটি অনেক প্রাণীর মধ্যে পাওয়া যায়, এর বেশির ভাগই ইঁদুর। মানবদেহে সর্বপ্রথম ১৯৭০ সালে মাঙ্কিপক্স শনাক্ত হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, এ বছর ১১০টি দেশের প্রায় ৮১ হাজার ১০৭টি মাঙ্কিপক্স আক্রান্তের ঘটনা ঘটে। আক্রান্ত ৫৫ জনের মৃত্যু হয়। সূত্র : বিবিসি, সিএনএন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত