ফিফা বিশ্বকাপের অফিসিয়াল বল নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস জানিয়েছে মঙ্গলবার উরুগুয়ের বিপক্ষে প্রথম গোলটি কে করেছিলেন।
পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্বাস করেছিলেন যে লুসাইল আইকনিক স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে গোলটি তিনি করেছেন। গ্রুপ এইচের ম্যাচটিতে ওই গোলে এগিয়ে যায় পর্তুগাল। পরে গোলটি ব্রুনো ফার্নান্দেসকে দেওয়া হয়। এতে রোনালদো অসন্তুষ্টি প্রকাশ করেন।
খেলার ৫৪ মিনিটে প্রতিপক্ষের ডি বক্সের বাইরে থেকে ফার্নান্দেসের ক্রস বাঁক নিয়ে ভেতরে ঢুকে রোনালদোর দিকে এগিয়ে যায়। বলে হেড দিতে রোনালদো লাফিয়ে ওঠেন। তবে বল রোনালদোর শরীর স্পর্শ না করেই জালে জড়ায় বলে অ্যাডিডাস জানায়।
রোনালদো নিজেই গোল করেছেন এমন ভঙ্গিতে উদযাপন শুরু করেন। তবে পর্দায় ফার্নান্দেজের নাম প্রতিফলিত হয়।
এরপর গোলটি রোনালদোর কিনা তা নিয়ে টুইটারে এবং অভিজ্ঞদের মধ্যে বিতর্ক দেখা দেয়। তবে মঙ্গলবার অ্যাডিডাস নিশ্চিত করেছে রোনালদো সেই গোলটি করেননি।
ডেইলি মেইল জানায়, অ্যাডিডাস তাদের বিবৃতিতে বলে, ‘পর্তুগাল এবং উরুগুয়ের মধ্যে খেলায়, অ্যাডিডাসের আল রিহলা অফিসিয়াল ম্যাচে ব্যবহুত বলে থাকা কানেক্টেড বল প্রযুক্তি ব্যবহার করে, আমরা নিশ্চিত যে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে বলের কোনো স্পর্শ দেখতে পাইনি’।
তারা জানায়, ‘বলের ভেতর থাকা ৫০০ এইচজি আইএমইউ সেন্সর আমাদের বিশ্লেষণে অত্যন্ত নির্ভুল হয়’।
ম্যাচটি ২-০ গোলে জিতে নকআউট পর্ব নিশ্চিত করে পর্তুগাল। দুটি গোলই করেন ব্রুনো ফার্নান্দেজ।
