টাঙ্গাইলের সখীপুরে নাশকতার অভিযোগে বিএনপির চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে পৌরশহর ও উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সখীপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে পুলিশের একটি টহল দল পৌর এলাকায় দায়িত্ব পালন করছিল। নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে কিছু লোক পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাহার্তা সাবেদের চালা এলাকায় জড়ো হচ্ছে এমন গোপন সংবাদে রাত ১০টার দিকে টহল দলটি ওই এলাকায় যায়। এ সময় পুলিশের গাড়ি লক্ষ করে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কয়েকজন পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত আরো তিনটি ককটেল উদ্ধার করে। পরে ঘটনায় জড়িত থাকার অভিযোগে কালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক বাবু (৪১), উপজেলা কৃষক দলের সভাপতি বিল্লাল হোসেন (৫০), পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান টিপু (৪৭) ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বা রুবেল চৌধুরীকে (৪০) গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় ওই রাতেই সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা করেন। মামলায় ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪০ জনকে আসামি করা হয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, গ্রেপ্তার হওয়া চারজনকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজু বলেন, মূলত আগামী ১০ তারিখে ঢাকায় বিএনপির মহাসমাবেশ প্রতিহত করার জন্য সরকার বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সাজানো গায়েবি মামলা দিচ্ছে।
