চলমান অর্থনৈতিক সংকটের কারণে ব্যয় সাশ্রয়ী সম্মেলন করার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ^বিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে ঢাবি শাখা ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সাদ্দাম হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ব্যয় সাশ্রয়ী হওয়ার নির্দেশ দিয়েছেন। তাই আমরা যতটুকু সাজসজ্জা করা প্রয়োজন, মঞ্চ সাজানো প্রয়োজন তার বাইরে কোনো আড়ম্বরতার দিকে যাব না। জ্বালানি সাশ্রয় ও ব্যয় সাশ্রয় এক সম্মেলন উপহার দিতে আমরা বদ্ধপরিকর।’
তিনি আরও বলেন, ‘ঢাবি শাখার সম্মেলন থেকে যে সেøাগান তৈরি হবে সেটি হবে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার সে্লাগান। আমরা সেদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শেখ হাসিনার একটি রাজনৈতিক মেসেজ দিতে চাই।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা গবেষণা বিশ্ববিদ্যালয়ে রূপদান, ডাকসু নির্বাচন আয়োজন, শিক্ষা পরিবেশ সমুন্নত রাখা, প্রশ্নফাঁস রোধ, আবাসন সংকট নিরসন, লাইব্রেরির সমস্যাগুলো নিরসন, খাদ্যের মানোন্নয়ন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পার্টটাইম কাজের সুযোগ প্রদান, উচ্চশিক্ষার জন্য শিক্ষাঋণ প্রকল্প গ্রহণসহ প্রাসঙ্গিক পদক্ষেপ গ্রহণে বিশ্ববিদ্যালয়কে উদ্যোগী করতে নিরলস চেষ্টা করেছি।’
তিনি জানান, আগামী ৩ ডিসেম্বর ঢাবি শাখা ছাত্রলীগের সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়া সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।
