সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু তারা সোহরাওয়ার্দী উদ্যানে স্বাচ্ছন্দ্যবোধ করছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলটির মহাসচিবকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ফখরুলের মুখে মধু আর অন্তরে বিষ। এরই নাম ফখরুল। ফখরুল সাহেব, অনুমতি দেওয়া হয়েছে। আপনাদের মিটিংয়ে কেউ বাধা দেবে না। আমরা রাজশাহীতেও বলে দিয়েছি সেখানে যেন পরিবহন ধর্মঘট না করে। ঢাকায়ও পরিবহন ধর্মঘট হবে না নেত্রী (শেখ হাসিনা) বলে দিয়েছেন।’
গতকাল বৃহস্পতিবার গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমি বিএনপিকে আবারও বলতে চাই আসুন পরবর্তী নির্বাচনে। ফখরুল গতকাল (বুধবার) বলেছেন সরকারকে নিরাপদ প্রস্থান নিতে। আমি বলতে চাই নিরাপদ প্রস্থানের একমাত্র পথ হচ্ছে নির্বাচন। নির্বাচনেই প্রমাণ হবে, কারা বিজয়ী হবে আর কাদের পতন হবে। সরকার পতনের হাঁকডাক দিয়ে কোনো লাভ নেই।’
ফখরুলকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেছেন, ‘ফখরুল এখন নাটক শুরু করেছেন। নাটক কী? কোথাও সমাবেশ দিলে ৭ দিন আগে থেকে প্রচার করে, মিথ্যাচার করে, বাধা দেওয়া হচ্ছে। সরকার বাধা দিচ্ছে। আর তারপরে সঙ্গে কাঁথা-বালিশ, হাঁড়ি-পাতিল, চালের বস্তা, টাকার বস্তা আর মশার কয়েল নিয়ে সমাবেশস্থলে আসে। কুমিল্লাতে তো কেউ বাধা দেয়নি।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সমাবেশের অনুমতি দেওয়ার পরও যদি বাড়াবাড়ি করেন, লাফালাফি করেন, আগুন নিয়ে নামেন, লাঠির সঙ্গে জাতীয় পতাকা লাগিয়ে মাঠে নামেন তাহলে খবর আছে।’
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি। এ ছাড়া বক্তব্য রাখেন দলের সভাপতিম-লীর আরেক সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি, উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, এস এম কামাল হোসেন প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে শেখ ফজলুল করিম সেলিম মাহবুব আলী খানকে সভাপতি ও জিএম সাহাব উদ্দিন আজমকে সাধারণ সম্পাদক করে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের কমিটি, কাজী লিয়াকত আলী লেকুকে সভাপতি ও আবু সিদ্দিক সিকদারকে সাধারণ সম্পাদক করে সদর উপজেলা কমিটি এবং গোলাম কবিরকে সভাপতি ও আলীমুজ্জামান বিটুকে সাধারণ সম্পাদক করে পৌর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন।
এর আগের গতকাল বেলা ১১টায় গোপালগঞ্জ পৌঁছার পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
