কলমাকান্দায় ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা

আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ১১:৫৭ পিএম

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় শিশুদের মাঝে ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গতকাল শুক্রবারসহ গত পাঁচ দিনে ৩৮ শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১৬ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। চিকিৎসকরা জানান, ঋতু পরিবর্তনের কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, হাসপাতালে গত পাঁচ দিনে ৩৮ শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ২১ জন চিকিৎসাধীন রয়েছে। ১৬ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। পাঁচ মাস বয়সী এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জরুরি বিভাগে কর্মরত উপসহকারী মেডিকেল অফিসার মো. আরিফুল ইসলাম বলেন, ‘প্রতিদিন গড়ে ডায়রিয়ায় আক্রান্ত ৮-১০ জন রোগী আসে। এর মধ্যে শিশুর সংখ্যা বেশি। তাদের মধ্যে অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। তবে ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি শিশু রোগীর সংখ্যা গত দুদিনে কিছুটা বেড়েছে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন বলেন, ‘ঋতু পরিবর্তনের কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। ভর্তি হওয়া রোগীদের মধ্যে বেশির ভাগই শিশু। আক্রান্ত রোগীদের সার্বক্ষণিক নজরে রাখা হচ্ছে। অনেক শিশু সুস্থ হয় বাড়ি ফিরে গেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত