কিছুদিন আগেই মুম্বাইয়ে ৬৫ কোটি রুপি দিয়ে বাড়ি কিনে আলোচনায় আসেন বলিউডের তরুণ নায়িকা জাহ্নবী কাপুর। কেবল মুম্বাই নয়, অভিনেত্রীর বাড়ি আছে চেন্নাইয়েও। সম্প্রতি ‘ভোগ ইন্ডিয়া’র একটি প্রতিবেদনে চেন্নাইয়ের বাড়িটি ঘুরে দেখিয়েছেন জাহ্নবী। সেখানে কথায় কথায় জানান, একটা সময় নিজের স্নানঘরের দরজা বন্ধ করতে পারতেন না তিনি। ভয় থেকে নয়, বিশেষ একটি কারণে বাথরুমের দরজা বন্ধ করার অনুমতি দিতেন না মা শ্রীদেবী। সাক্ষাৎকারে জাহ্নবী কাপুর অনেকবারই জানিয়েছেন, তাকে নিয়ে নানা কারণে উদ্বিগ্ন থাকতেন মা শ্রীদেবী। মায়ের উদ্বেগের বড় কারণ, জাহ্নবী অল্প বয়সেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন কি না! এ প্রসঙ্গে জাহ্নবী জানান, মায়ের ভয় ছিল স্নানঘরের দরজা বন্ধ করে জাহ্নবী হয়তো ছেলেদের সঙ্গে ফোনে কথা বলতে পারেন। এ জন্যই তার বাথরুমের দরজা বন্ধ করার অনুমতি ছিল না। জাহ্নবীর শ্রীদেবী আর নেই। চার বছর আগে সংযুক্ত আরব আমিরাতে বাথটাবের মধ্যেই মারা যান তিনি। মা না থাকলেও তার নিয়ম মেনে চলেন অভিনেত্রী। জাহ্নবী কাপুর বলেন, ‘মা দরজা বন্ধ করতে দিতেন না। এখনো আমার বাথরুমের কোনো তালা নেই।’
×
