পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আনহেল ডি মারিয়াকে দেখা গেছে তার পুরোনো রূপে। আর্জেন্টাইন দর্শকদের জন্য যা ছিল বেশ আনন্দের। তবে সেই আনন্দ দূর হয়ে এখন ডি মারিয়াকে কেবলই শঙ্কার মেঘ। ঊরুর পুরোনো চোটে নকআউটের প্রথম ধাপে তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
কাতার বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে শনিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচের আগের দিন ডি মারির চোট নিয়ে কথা বলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
এ সময় ডি মারিয়া খেলবেন কি-না এ বিষয়ে স্পষ্ট ধারণা নেই বলে জানান স্কালোনি, ‘ডি মারিয়ার শারীরিক অবস্থা ভালোই আছে। আশা করি ও খেলতে পারবে। যদিও এখনও পর্যন্ত স্পষ্ট কোনো ধারণা আমার কাছে নেই।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে বদলের ইঙ্গিতও দিয়েছেন স্কালোনি, ‘আমাদের ম্যাচগুলো লক্ষ্য করলে দেখবেন, আমি বারবার একই ফুটবলারদের খেলাই না। সবার আগে প্রতিপক্ষকে দেখি এবং সেই অনুযায়ী দল সাজাই। পর পর দুই ম্যাচে একই প্রথম একাদশ নামানো আমার কাছে বিরল ব্যাপার।’
যোগ করেন, ‘দলের সবাই ভালোই জানে তাদের কী করতে হবে। প্রতিটি ম্যাচ ধরে ধরে এগোতে চাই। দরকার না হলে একই একাদশ খেলাব না।’
