আইপিএলে বাংলাদেশ থেকে আরও বেশি ক্রিকেটারের প্রতিনিধিত্ব চান ভারত অধিনায়ক রোহিত শর্মা। লিটন দাস, তাসকিন আহমেদরা সুযোগ পেলে ভালো করবেন বলেও বিশ্বাস তার।
বাংলাদেশ ও ভারতের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে রবিবার। এর পর রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। দুই দলের এই সিরিজের মাঝেই হয়ে যাবে আইপিএলের নিলাম।
২৩ ডিসেম্বর কোচিতে হতে যাওয়া নিলামের প্রাথমিক তালিকায় রয়েছেন বাংলাদেশের ৬ ক্রিকেটার। তারা হলেন- সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, লিটন দাস, আফিফ হোসেন, শরিফুল ইসলাম এবং নাসুম আহমেদ।
এই ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসান আইপিএল নিয়মিত মুখ ছিলেন। তবে গত বছর তাকে কেউ দলে টানেনি। বাংলাদেশ থেকে সেবার একমাত্র মোস্তাফিজুর রহমান খেলেছিলেন। এবারও তাকে ধরে রেখেছে তার গত বারের দল দিল্লি ক্যাপিটালস। তার সঙ্গে নিলাম থেকে আর কেউ সুযোগ পাবেন কি?
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে রোহিতকে কথা বলতে হলো আইপিএল নিয়ে। তাকে প্রশ্ন করা হয় বাংলাদেশিদের আইপিএলে অংশ গ্রহণ নিয়ে।
এ সময় রোহিত বলেন, ‘আমি আশা করি (নিলামে না তোলা ক্রিকেটার) ওরা সুযোগ পাবে। ওরা ভালো দল, ভালো ক্রিকেটার। ওরা সুযোগ পেলে নিশ্চয়ই ভালো করবে। আইপিএল দলগুলো এখনো পরিকল্পনা শুরু করেনি। তবে আমি মনে করি, ওদের সুযোগ পাওয়া উচিত।’
সাকিব-মোস্তাফিজ ছাড়া বাংলাদেশ থেকে আইপিএল খেলার অভিজ্ঞতা আছে কেবল- মাশরাফী বিন মোর্ত্তজা, আব্দুর রাজ্জাক ও মোহাম্মদ আশরাফুলের। তামিম ইকবাল এক আসরে দল পেয়েছিলেন। কিন্তু কোনো ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি।
