ফেরার আসরে সবার আগে শেষ আটে নেদারল্যান্ডস

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১১:০৭ পিএম

রাশিয়াতে যাওয়ার টিকেট তারা পায়নি। তাই সেবার বিশ্বকাপে ছিল না কমলাদের ফুটবল নন্দন। তবে কাতারে তারা ফিরেছে। এ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে তারা উঠেছিল নক-আউট পর্বে। শেষ ষোলোর প্রথম ম্যাচে নেদারল্যান্ডস হারিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। এই জয়ে সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো ডাচরা।

আল রাইয়ানের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শনিবার শেষ ষোলোর ম্যাচে ৩-১ গোলে জিতেছে ডাচরা। ম্যাচজুড়ে আলো ছড়িয়েছেন ডেনজেল ডামফ্রিস। নিজে এক গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে দুটি গোল করিয়েছেন।

ম্যাচের শুরুতেই ডাচ গোলকিপারকে একা পেয়েছিলেন ক্রিস্টিয়ান পুলিসিক। তবুও বল জালে জড়াতে পারেননি তিনি। সেই ব্যর্থতাই যেন তাদের গ্রাস করে। এরপর ম্যাচের ১০ মিনিটেই ডাচদের লিড এনে দেন মেমফিস ডিপে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দালে ব্লাইন্ড দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন।

ম্যাচের ৭৬ মিনিটে হ্যাজি রাইট যুক্তরাষ্ট্রের হয়ে একমাত্র গোলটি করেন। তাতে কমে আসে ব্যবধান। কিন্তু ৫ মিনিট পর ব্যবধান আবার বাড়িয়ে নেন গোটা ম্যাচে দাপট দেখিয়ে বেড়ানো ডেনজেল ডামফ্রিস। ৮১ মিনিটে তিনি গোল করলে ৩-১ গোলের জয় নিয়ে শেষ পর্যন্ত মাঠ ছাড়ে নেদারল্যান্ডস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত