ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি পদে মহানগরের সদ্যবিদায়ী সভাপতি এহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক পদে আবারও মোয়াজ্জেম হোসেন বাবুলের নাম ঘোষণা করা হয়েছে। এ ছাড়া মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পেয়েছেন আগের কমিটির সহসভাপতি সিটি মেয়র ইকরামুল হক টিটু। তবে সাধারণ সম্পাদক পদে আবারও মোহিত উর রহমান শান্তকে রাখা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন।
জেলা আওয়ামী লীগের বিদায়ী সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও মহানগরের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তর সঞ্চালনায় সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী দীপু মনি, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
