আক্রমণে এসেই সাকিবের শিকার রোহিত-কোহলি

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১২:৫৮ পিএম

শিখর ধাওয়ান দ্রুতই ফিরলেন। কিন্তু আরেক ওপেনার রোহিত শর্মা খেলছিলেন দারুণ। তবে ১১তম ওভারে আক্রমণে এসেই ভারত অধিনায়ককে তুলে নিলেন সাকিব আল হাসান। মাঝে এক বল বিরতিতে দিয়ে ফেরালেন বিরাট কোহলিকেও।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে রবিবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নামে ভারত। এই প্রতিবেদন লেখার সময় ১৩ ওভার শেষে সফরকারীদের স্কোর ৫৬/৩ ।

বাংলাদেশ প্রথম উইকেটের দেখা পায় ইনিংসের ষষ্ঠ ওভারে। ধাওয়ানকে বোল্ড করে ফেরান মেহেদী হাসান মিরাজ। ১৭ বলে এক চারে ৭ রান করেন বাঁহাতি ধাওয়ান।

পাওয়ার প্লে-তে ভারত ১ উইকেটের ৪৮ রান সংগ্রহ করে। পাওয়ার প্লে-র ঠিক পরেই বল করতে আসেন সাকিব। দ্বিতীয় বলেই বোল্ড করেন রোহিতকে। ৪৮ রানে দ্বিতীয় উইকেটের পতন হয় সফরকারীদের।

৩১ বলে ২৭ রান করেন ভারত অধিনায়ক। ৪টি চারের সঙ্গে হাঁকান ১টি ছক্কা।

ওভারের চতুর্থ বলে কোহলিকেও তুলে নেন সাকিব। কৃতিত্ব দিতে হবে অধিনায়ক লিটন দাসকে। অসাধারণ এক ক্যাচ নেন তিনি।

১৫ বলে ৯ রান করেন কোহলি। ভারত ৪৯ রানে মাথায় হারায় তৃতীয় উইকেট। লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ার এখন উইকেটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত