লিটন-সাকিবের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ০৫:০৯ পিএম

বোলারদের নৈপুণ্যে লক্ষ্যটা থাকল নাগালে। যা তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই বিদায় নাজমুল হোসেন শান্তর। বাংলাদেশকে তাই সতর্ক হতে হলো। এরপরও এনামুল হক বিজয় ফিরলেন। এখন লিটন দাস ও সাকিব আল হাসান এগিয়ে নিচ্ছেন দলকে। বেশ সাবধানতাই অবলম্বন করছেন তারা।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে রবিবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে লড়ছে বাংলাদেশ ও ভারত। দিবারাত্রির ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪১.২ ওভারে ১৮৬ রানে গুটিয়ে যায় সফরকারীরা।

লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই শান্ত (০) বিদায় নেন। দিপক চাহারের বলে স্লিপে ক্যাচ দেন তিনি। দশম ওভারের প্রথম বলে দলীয় ২৬ রানে ফেরেন বিজয়। মোহাম্মদ সিরাজের শিকার হওয়ার আগে ২৯ বলে ১৪ রান করেন তিনি ।

এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ১৭ ওভার শেষে ৬৫/২ । লিটন ৩৪ ও সাকিব ১১ রান নিয়ে ব্যাট করছেন।

এর আগে সাকিব ও ইবাদতের তোপে দুই শর আগেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। সর্বোচ্চ ৭৩ রান করেন লোকেশ রাহুল। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান আসে অধিনায়ক রোহিত শর্মার ব্যাট থেকে। এ ছাড়া শ্রেয়াস আইয়ার ২৪ ও ওয়াশিংটন সুন্দর ১৯ রান করেন।

সাকিব ১০ ওভার বল করে ৩৬ রানে নিয়েছেন ৫ উইকেট। ইবাদত নেন ৪ উইকেট। অন্য উইকেটটি মেহেদী হাসান মিরাজের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত