নেদারল্যান্ডসের সঙ্গে অসাধারণ ম্যাচ হবে

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১১:০১ পিএম

আর্জেন্টিনার ৩৬ বছরের বিশ্বকাপ শিরোপা খরা ঘোচানোর অভিযানে লিওনেল মেসিদের পরবর্তী বাধা নেদারল্যান্ডস। নকআউট-পর্বের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারিয়ে ষষ্ঠবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছে ডাচরা। আর্জেন্টিনার মতোই নেদারল্যান্ডসের বিশ্বকাপ ইতিহাসসমৃদ্ধ। কোনো শিরোপা জিততে না পারলেও তিনটি ফাইনাল খেলেছে দলটি, দুবার খেলেছে সেমিফাইনালে। অন্যদিকে আর্জেন্টিনা এই নিয়ে দশমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলছে। দুটি শিরোপা জেতা দলটি ফাইনাল খেলেছে পাঁচবার।

ঐতিহ্যবাহী এবং অসাধারণ দুটি দলের একটি কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে যাবে। এটা ভেবে একটু খারাপই লাগছে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির। আগামী শুক্রবারের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়া সেই দলটি যে নেদারল্যান্ডসই হবে, এ বিষয়ে আত্মবিশ্বাসী স্কালোনি। অস্ট্রেলিয়াকে ২-১ গোলের হারানোর পর আর্জেন্টিনা কোচ বলেছেন, ‘ঐতিহাসিক দুটি দলের মধ্যে অসাধারণ একটি ম্যাচই হবে। দুঃখ এই যে একটি দলকে হারতে হবে। আশা করছি, আমরাই পরের রাউন্ডে যাব।’ স্কালোনি এরপর প্রশংসায় ভাসিয়েছেন ডাচ কোচ লুই ফন গালকে, ‘তার মুখোমুখি হওয়াটা গর্বের বিষয়। আমরা জানি, ফুটবলে তার অবদান কতটা। কত কোচ যে তাকে অনুকরণ করতে চেয়েছে! তার মতো একজনের মুখোমুখি হওয়ার আনন্দ আপনাকে দিচ্ছে ফুটবল। বিশেষ করে এটা যখন বিশ্বকাপে হয়, বিষয়টি আরও আনন্দের।’

বিশ্বকাপে ডাচদের সোনালি সময় কেটেছে সত্তরের দশকে। ১৯৭৪ সালে রাইনাস মিশেলের অধীনে ইয়োহান ক্রুইফ-ইয়োহান নিসকেন্সদের নেদারল্যান্ডসের শিরোপা জিততে না পারাটা ফুটবলের বড় এক রহস্য। সেবার তারা ফাইনালে ২-১ গোলে হেরেছিল পশ্চিম জার্মানির কাছে। পরের বিশ্বকাপেও ফাইনালে উঠেছিল নেদারল্যান্ডস। সেবার ডাচদের হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জেতে আর্জেন্টিনা। ১৯৭৮-এর পর ডাচরা আবার ফাইনাল খেলে দক্ষিণ আফ্রিকায় ২০১০ বিশ্বকাপে। এ ছাড়া ১৯৯৮ ও ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে নেদারল্যান্ডস। এবার কোয়ার্টার ফাইনালে ডাচদের জ্বলে ওঠাটা দেখতে চান না স্কালোনি, ‘আমরা কঠিন এক প্রতিপক্ষের মুখোমুখি হব। ভালো খেলার আশা করছি। আমি চাই, তারা যেন অতীতের ডাচ দলগুলোর মতো জ্বলে উঠতে না পারে।’ ২০১৪’র কোয়ার্টার ফাইনালটাই ফিরিয়ে আনতে চাইবে মেসির দল। সেবার ফাইনালে খেলার পথে কোয়ার্টারে ডাচদের টাইব্রেকারে হারিয়েছিল আর্জেন্টিনা।

ডিফেন্ডার রোমেরো বলেছেন, ‘নেদারল্যান্ডস কঠিন প্রতিপক্ষ। ডাচ ফুটবলারদের সামর্থ্য সম্পর্কে আমাদের ধারণা আছে। এরই মধ্যে আমরা কীভাবে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলব, তা নিয়ে ভাবা শুরু করেছি। আমরা ২৬ জন যোদ্ধা। সবাই প্রস্তুত। কোচ সিদ্ধান্ত নেবেন কারা খেলবেন, আমরা সবাই জীবন দিয়ে চেষ্টা করব, সব সময়ের মতো। প্রতিটি দিনের জন্যই আমরা প্রস্তুত।’ প্রতিপক্ষ সম্পর্কে সতর্ক করে দিয়ে মেসি বলেছেন, ‘আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই জয়ে (অস্ট্রেলিয়ার বিপক্ষে) আরও এক ধাপ সামনে এগিয়ে গেলাম। এখন আরেকটি কঠিন ম্যাচ আসছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত