স্বাস্থ্যমন্ত্রী বললেন

শেখ হাসিনা হিমালয়ের মতো শক্ত অবস্থানে

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ০৪:৫৭ এএম

জনগণের মন থেকে শেখ হাসিনার ভালোবাসা নষ্ট করা বিএনপির পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, রিজার্ভ সংকটের গুজব ছড়িয়ে, সাময়িক বিদ্যুৎ সংকট দেখিয়ে বিএনপি দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, নানাভাবে গুজব সৃষ্টি করে শেখ হাসিনা সরকারের উন্নয়ন কাজগুলোকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। কিন্তু বিএনপি ভুলে গেছে, শেখ হাসিনা হিমালয়ের মতো শক্ত অবস্থানে দাঁড়িয়ে আছে, হিমালয়কে ধাক্কা দিয়ে নড়ানো যায় না, এটি সম্ভব নয়।

গতকাল রবিবার দুপুরে রাজধানীর কাকরাইলের আইডিইবি সম্মেলন কক্ষে সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজ ইন হোমিওপ্যাথি (ক্যাশ) আয়োজিত ‘৮ম আন্তর্জাতিক হোমিওপ্যাথি বিজ্ঞান সম্মেলন’-এ স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা সততা দিয়ে, মানুষের জন্য কাজ করে, সাধারণ মানুষের মন জয় করেই ক্ষমতায় আছেন। সাধারণ জনগণের ভালোবাসাই শেখ হাসিনাকে হিমালয়ের মতো শক্ত করেছে।

সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বিএনপির সমালোচনা করে এসময় আরও বলেন, ‘বিএনপি দেশের রিজার্ভ শেষ হয়ে গেছে বলে অপপ্রচার করছে, মানুষকে বিভ্রান্ত করছে। প্রকৃত সত্য হচ্ছে, বিএনপির আমলে বাংলাদেশের রিজার্ভ ছিল মাত্র ৩ বিলিয়ন ডলার। আর এই মুহূর্তে বিশ্বব্যাপী করোনার ধকলের পরও বাংলাদেশের রিজার্ভ রয়েছে ৩৫ বিলিয়ন ডলার।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘বিএনপির আমলে মাঝে মাঝে বিদ্যুৎ আসত। তখন মাত্র ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। আর এখন দেশে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। ইউক্রেন-যুদ্ধের কারণে গোটা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও সাময়িক বিদ্যুৎ সমস্যা হয়েছে। তবুও বিএনপির থেকে শতগুণে ভালো আছে বিদ্যুৎ। দেশে খাদ্যের ঘাটতি নেই। দেশে ৫০ লাখ টন খাদ্য মজুদ করা হয়েছে। দেশের ব্যবসাবাণিজ্য ঘুরে দাঁড়াচ্ছে, ডিজিটাল বাংলাদেশের হাজারো তরুণ কাজ করে বেকারত্ব হ্রাস করছে। পদ্মা সেতু, মেট্রোরেলসহ যোগাযোগ অবকাঠামো ও বিভিন্ন খাতে উন্নয়ন করে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ অবস্থানে চলে যাচ্ছে। অথচ বিএনপি বাংলাদেশের কোনো ভালো কিছু দেখছে না।’

স্বাস্থ্যমন্ত্রী হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করে বলেন, ‘হোমিও চিকিৎসায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। বিশ্বব্যাপী হোমিও চিকিৎসার চাহিদা বাড়ছে। বাংলাদেশেও চাহিদা বাড়ছে। এজন্য অ্যালোপ্যাথিক চিকিৎসার পাশাপাশি দেশে হোমিও চিকিৎসা আরও জোরালো করা হচ্ছে।’

ক্যাশ সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম, হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডা. দিলিপ কুমার রায় প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত