সিলেটে আহত মোসাদ্দেক হাসপাতালে, সংশ্লিষ্টদের লুকোচুরি

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ০৫:৪০ পিএম

চলছে ভারতের সঙ্গে বাংলাদেশে একদিনের ক্রিকেট সিরিজ। আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে দুই দলের টেস্ট সিরিজ। সাদা পোশাকের ক্রিকেটকে সামনে রেখে সিলেটে এখন চলছে ভারত এ দলের সঙ্গে বাংলাদেশ এ দলের চার দিনে ম্যাচ। তবে ম্যাচটি শুরু হওয়ার আগে শঙ্কা জেগেছে মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বেলা সাড়ে ১২ টার দিকে অনুশীলন চলাকালে একটি বল তার উরুতে সজোরে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত এই ক্রিকেটারকে নগরের আল হারামাইন হাসপাতালে নেওয়া হয়। সেখানে মোসাদ্দেকের এম আর আই করিয়ে বেলা ২টায় হাসপাতাল থেকে নিয়ে আসা হয়।

তবে আহত হওয়ার সংবাদ নিয়ে দলের সঙ্গে থাকা সংশ্লিষ্ট দায়িত্বশীলরা ‘লুকোচুরি’ করছেন। বিসিবির সঙ্গে সম্পৃক্ত একাধিক ব্যক্তির কাছে এ ব্যাপারে জানতে চাইলে কেউ কিছু বলতে চাননি। এমনকি সিলেট জেলা ক্রীড়া সংস্থার হোয়াটসঅ্যাপ গ্রুপে মোসাদ্দেকের আহত হওয়ার বিষয়টি অস্বীকার করা হয়েছে। যদিও নগরের আল হারমাইন হাসপাতালে নিয়ে মোসাদ্দেকের এম আর আই করানো হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

তবে এই চোট এত গুরুতর নয় বলে জানিয়েছেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এক সদস্য। নাম প্রকাশে অনিচ্ছুক এই ক্রিকেট প্রশাসক বলেছেন, এটা এমন গুরুতর কিছু নয়, অনুশীলনের সময় অসাবধনতাবসত এ ঘটনা হয়েছে। তবে বলের আঘাতে সাময়িক ব্যথা থাকলেও এসব সেরে যায় দ্রুতই। ম্যাচের আগে মোসাদ্দেক ফিরবেন বলে আমাদের প্রত্যাশা।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত