কুড়িগ্রামের ফুলবাড়ীতে পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীর সঙ্গে অভিমান করে কীটনাশক পানে আসাদুল হক (৩২) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত ওই যুবক উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমন্ডল গ্রামের আবের আলীর ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, স্ত্রী থাকার পরও অন্য নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিলেন এক সন্তানের জনক আসাদুল। একমাস আগে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হলে স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে যান স্ত্রী। এরপর অনেক চেষ্টা করলেও অভিমানী স্ত্রীকে ফিরিয়ে আনতে পারেনি আসাদুল।
স্ত্রীকে নিজ বাড়িতে আনতে না পারায় সোমবার দুপুরে সবার অজান্তে ঘরে রাখা কীটনাশক পান করেন তিনি। তার বিষপানের বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) একরামুল হক জানান, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।
