বঙ্গোপসাগরের তলদেশে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টা ২ মিনিট ৫২ সেকেন্ডে উৎপত্তি হওয়া সেই ভূমিকম্পে দেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়।
সাগরের তলদেশে বড় মাত্রার ভূমিকম্প হলে সাধারণত সুনামি হয়ে থাকে। ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ভারত মহাসাগরের ইন্দোনিশয়ায় সুন্দা খাত এলাকায় ৯ দশমিক ৯ রিখটার স্কেলের ভূমিকম্পে প্রবল সুনামি সৃষ্টি হয়েছিল। ওই এলাকাটি তিনটি বড় প্লেটের সংযোগস্থলে ছিল। কিন্তু বঙ্গোপসাগরের এই অংশে কোনো প্লেট বাউন্ডারি বা ফল্ট লাইন নেই উল্লেখ করে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশিষ্ট ভূমিকম্প বিশেষজ্ঞ এবং বর্তমানে আবহাওয়া অধিদপ্তরের প্রশাসনিক পদে থাকা আবহাওয়াবিদ মমিনুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘বঙ্গোপসাগরে সাধারণত কোনো ফল্ট লাইন নেই। তবে মৃদু ও মাঝারি মাত্রার ভূমিকম্প এই এলাকায় হয়ে থাকে কিন্তু সংখ্যায় তা বেশি নয়। তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই।’
