নারী দর্শকদের কাতার স্তুতি

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ০১:৫৭ এএম

মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো ফুটবল দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর বিশ্বকাপ আয়োজন নিয়ে বিতর্কের শেষ ছিল না। বিতর্ক শুরু হয়েছিল কাতার বিশ্বকাপের আয়োজক হওয়ার পর থেকেই। রক্ষণশীল দেশটিতে বিশ্বের নানা প্রান্ত থেকে যাওয়া ফুটবলভক্তদের জন্য সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হয় অ্যালকোহল-পানীয়তে। এছাড়া বিদেশি দর্শকদের মার্জিত পোশাক পরার পরামর্শ দেয় কাতার কর্র্তৃপক্ষ। দেশটিতে আগত নারী ফুটবলভক্তদের খোলামেলা পোশাক পরা থেকে বিরত থাকতে বলে তারা। এ ক্ষেত্রে কাতারের কর্র্তৃপক্ষ দেশটিতে বিদ্যমান আইনের কথাও বিদেশি ফুটবলভক্তদের মনে করিয়ে দেয়। এসব ঘিরে এবারের আসরের শুরুতে ব্যাপক বিতর্ক থাকলেও কাতারের কিছু পদক্ষেপ যেন শাপে বর হয়ে দেখা দিয়েছে। কঠোর নিরাপত্তা থাকায় গভীর রাতেও বাইরে থাকতে পেরে প্রশান্তি প্রকাশ করছে বিশ্বের নানা প্রান্ত থেকে কাতারে আসা নারী দর্শকরা।  ব্রাজিল থেকে কলম্বিয়া, ইথিওপিয়া থেকে সৌদি আরব, বিশ্বকাপ দেখতে আসা নারী ভক্ত-সমর্থকরা কাতারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট। ইংল্যান্ড, যুক্তরাষ্ট্রের মতো পশ্চিমা দেশ, যারা কাতারে বিশ্বকাপ

আয়োজনের ঘোর বিরোধী ছিল, সেসব দেশের নারীরাও নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। বিশ্বকাপ ভেন্যু ও আশপাশে রাত্রিকালীন নিরাপত্তা নিয়ে কয়েকজন নারী দর্শকের মন্তব্য প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আসা ফুটবলভক্ত আন্দ্রিয়া বলেন, ‘পশ্চিমা মিডিয়া মধ্যপ্রাচ্য নিয়ে যা বলে এখানে এসে তার চেয়ে ভিন্ন কিছুর অভিজ্ঞতা হলো আমার। এই তো মাঝরাতেও রাস্তা দিয়ে নির্বিঘ্নে হাঁটতে পারছি।’ কাতারে এখন রাতে খেলা দেখে স্টেডিয়াম থেকে বের হতে হতে মাঝরাত হয়ে যায়। এছাড়া দোহার বিভিন্ন স্থানে বড় পর্দাতেও খেলা দেখানো হয়। এসব জায়গায় বিপুলসংখ্যক নারী খেলা দেখেন। কিন্তু এখন পর্যন্ত কোনো অনাকাক্সিক্ষত ঘটনার কথা শোনা যায়নি। ব্রাজিলের ভক্ত তাতিয়ানা লোপেজ কাতারে এসেছেন দুই বান্ধবীকে নিয়ে। তিনি বলেন, ‘আমি কলম্বিয়া থেকে এসেছি। যদিও এখানকার সব জায়গায় পুরুষের আনাগোনা বেশি। তবে সেসব জায়গায় আমরা সৌজন্যমূলক আচরণই পেয়েছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত