সম্প্রতি রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বিআরটিএ প্রকল্পে গার্ডার দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে বাংলাদেশ সরকার যথাযথ ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত লি জিমিং। গতকাল সোমবার পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
গত ১৫ আগস্ট উত্তরার জসীম উদ্দীন রোডে বিআরটি-৩ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৫০-৬০ টন ওজনের গার্ডার একটি গাড়ির ওপর পড়ে শিশুসহ একই পরিবারের পাঁচজন নিহত হয়। পরে উত্তরা পশ্চিম থানায় নিহত ফাহিমা আক্তার ও ঝর্না আক্তারের ভাই আফরান মণ্ডল বাবু ‘চায়না গ্যাঝুবা গ্রুপ করপোরেশনের (সিজিজিসি)’ বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে একটি মামলা করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদায়ী চীনা রাষ্ট্রদৃত বলেন, ‘যারা ওই ঘটনায় জড়িত, যাদের অবহেলায় ওই দুর্ঘটনা ঘটেছে তাদের অবশ্যই বিচার হওয়া উচিত। আর এ বিষয়ে যথাযথ পদক্ষেপ বাংলাদেশ নেবে। কারণ ঘটনাটি বাংলাদেশে ঘটেছে।’ তিনি আরও বলেন, ‘তবে এই দুর্ঘটনা থেকে আমাদের সবার শিক্ষা নিতে হবে যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা আর না ঘটে।’
বাংলাদেশে ভালো সময় পার করেছেন উল্লেখ করে লি জিমিং বলেন, ‘আমি বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে ৩ বছর ৪ মাস দায়িত্ব পালন করলাম। এটি একটি অন্য রকম অভিজ্ঞতা। বাংলাদেশের মানুষ অনেক আন্তরিক। চীন বাংলাদেশের উন্নয়নমূলক কাজের সঙ্গে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।’
এ সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, চীন সব সময় আমাদের উন্নয়নমূলক কাজের সঙ্গে ছিল। তারা চায় বাংলাদেশে আরও উন্নয়নমূলক কাজ হোক। তবে সব দেশের সঙ্গে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করে চলব। হোক সেটা চীন, ভারত এবং রাশিয়া।
