কোয়ার্টারে ডি মারিয়াকে পাবে আর্জেন্টিনা?

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১২:২৯ পিএম

লিওনেল মেসির মতো সুপারস্টার আছেন। এরপরও আর্জেন্টিনা দলের অন্যতম প্রাণভোমরা অ্যাঞ্জেল ডি মারিয়া। চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে যাকে পায়নি দল। এখন কথা হচ্ছে কোয়ার্টার ফাইনালে কি খেলতে পারবেন জুভেন্তাস তারকা?

শুক্রবার লুসাইল স্টেডিয়ামে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর আগে সোমবার দলের অনুশীলনে ছিলেন না ডি মারিয়া।

এদিন কাতার বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর মাঠে অনুশীলন করে আর্জেন্টিনা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ডি মারিয়ার জায়গায় খেলা আলেহান্দ্রো গোমেসও অনুশীলন করেননি।

গ্রুপ পর্বে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই তুলে নেওয়া হয়েছিল ডি মারিয়াকে। পরে দলটির কোচ লিওনেল স্কালোনি জানান ঊরুতে অস্বস্তি বোধ করছিলেন ডি মারিয়া।

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে তাই রাখা হয়নি ডি মারিয়াকে। সেই ম্যাচে উতরে গেলেও কোয়ার্টার ফাইনালের ডি মারিয়ার মতো তারকাকে খুব প্রয়োজন হবে আর্জেন্টিনার। এখনও তার অনুশীলনে না ফেরাটা তাই ভক্তদের জন্য অস্বস্তির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত