ক্যামেরুনের সাবেক তারকা ফুটবলার স্যামুয়েল ইতো। যিনি বর্তমানে দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি। বিশ্বকাপ দেখতে কাতারে এসে হয়েছেন অনাকাঙ্খিত ঘটনার শিকার। মঙ্গলবার ভোরে স্টেডিয়াম ৯৭৪-এর বাইরে এক লোককে লাথি মারতে দেখা যায়।
ব্রাজিল দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে পরাজিত করার পর মাঠের বাইরে ভক্তদের সঙ্গে ফটো তোলার জন্য পোজ দিতে বিরতি দিয়েছিলেন ইতো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, প্রাক্তন বার্সেলোনা ও ইন্টার মিলান ফরোয়ার্ড ইতোকে ঘিরে রেখেছিলেন এক ব্যক্তি। তারপর হঠাৎ সেই ব্যক্তিকে লাথি মারতে দেখা যায়।
ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে কাতার এসেছিলেন স্যামুয়েল ইতো। যে দলটি আবার গত সপ্তাহে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। তবে সোমবার রাতে তিনি কোন ক্ষমতাবলে মাঠে গিয়েছিলেন সেটা অস্পষ্টই থেকে গেছে। কাতারের আয়োজকরাও জানিয়েছেন, তিনি তাদের আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন না।
ইতো ১৯৯৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত ক্যামেরুনের হয়ে চারটি বিশ্বকাপ খেলেন। এক বছর আগে নিজ দেশের ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হন।
