চট্টগ্রাম বন্দর দিয়ে গত অক্টোবরে ২ লাখ ৩৯ হাজার ৪৬৬ একক কনটেইনার হ্যান্ডলিং হলেও নভেম্বরে এই সংখ্যা বেড়েছে, যদিও তা সামান্য। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মূলত সরকারের নীতির কারণে গতি আসছে কনটেইনার হ্যান্ডলিংয়ে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, চট্টগ্রাম বন্দর দিয়ে গত মাসে মোট ২ লাখ ৪৬ হাজার ৮৪৮ একক কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। এর মধ্যে আমদানি পণ্য নিয়ে এসেছে ১ লাখ ৩০ হাজার ৯৮৬ এবং রপ্তানি পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দর ছেড়ে গেছে ১ লাখ ১৫ হাজার ৮৬২ একক কনটেইনার; অর্থাৎ অক্টোবরের তুলনায় প্রায় ৬ হাজার একক কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে।
এ প্রসঙ্গে চট্টগ্রাম বন্দরের পরিচালক (ট্রাফিক) এনামুল করিম দেশ রূপান্তরকে বলেন, ‘মাঝখানে কনটেইনার হ্যান্ডলিংয়ের সংখ্যা কমে গিয়েছিল। এলসি খুলে দেওয়ার ঘোষণার কারণে আমদানি-রপ্তানি কার্যক্রমে গতি আসবে। এ ছাড়া সামনে রমজান। রমজানের জন্য এখনই ভোগ্যপণ্যের জন্য এলসি খুলে পণ্য আসা শুরু হতে পারে।’
